জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা শনিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে সারাদেশের ১৩৮টি কেন্দ্রে পরীক্ষা শুরু হবে। এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা শেষ হবে বেলা ১২টায়।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেন, দেশের ৮৮০টি কলেজে ভর্তির জন্য এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে সরকারি কলেজে ৩৭৫টি এবং বেসরকারি কলেজ ৫০৫টি।

তিনি আরও বলেন, ১৩৮টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরীতে রয়েছে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে ৯টি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম প্রমুখ।