স্কুল-কলেজ-মাদ্রাসায় ঈদের ছুটি নিয়ে যা জানা গেল

এবারের ঈদ-উল-আজহার টানা ৭ দিন ছুটি ঘোষণা করেছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে ছুটি থাকবে। তবে ছুটির আগে ২৩ মে (শনিবার) ছুটির দিন হলেও অফিস খোলা থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

তবে শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্বঘোষিত ছুটিতে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে জানা গেছে, সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুল ও কলেজে। আর ২১ দিনের ছুটি থাকছে মাদ্রাসায়।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী ২৪ মে (রবিবার) থেকে। ছুটি শেষ হবে ৪ জুন (বৃহস্পতিবার)। এই ছুটির আগে ও পরে রয়েছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুলে।

কলেজে ঈদ-উল-আজহার ছুটি ১২ দিনের। এই ছুটিরও আগে পরে যুক্ত আছে সাপ্তাহিক ছুটি। ফলে টানা ১৬ দিনের ছুটি থাকছে কলেজে।

এদিকে মাদ্রাসায় গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদ-উল-আজহা উপলক্ষে ২৪ মে (রবিবার) থেকে ছুটি শুরু হচ্ছে আর শেষ হবে ১১ জুন। তবে ছুটির আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ২১ দিন ছুটি থাকছে মাদ্রাসায়।