কলেজের ছুটির তালিকা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকায় সংশোধন এনেছে সরকার। 

আজ রবিবার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কলেজের এই নতুন সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করেছে।

সংশোধিত নতুন তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে গত ২২ মে (শুক্রবার) থেকে এবং এই ছুটি চলবে আগামী ৬ জুন ২০২৬ পর্যন্ত। সংশোধিত এই ছুটির তালিকায় সাপ্তাহিক বন্ধের দিনগুলো বাদে মোট ১০ দিন ছুটি গণনা করা হয়েছে। তবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ হিসাব করলে কলেজের শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

এর আগে গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত কলেজের মূল ছুটির তালিকায় ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি নির্ধারিত ছিল। তবে নতুন সংশোধিত ছুটির তালিকায় তা পরিবর্তন করে ২২ মে থেকে ৬ জুন ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হলো।

এদিকে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের কারণে দেশের সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় গত বৃহস্পতিবার (২১ মে) ক্লাস শেষের পর থেকেই মূলত ছুটি শুরু হয়ে গেছে। চূড়ান্ত ছুটির সূচি অনুযায়ী প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে সপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিন এবং দেশের মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় টানা ২৩ দিন বন্ধ থাকবে।