সরকারি সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন দেশের সকল প্রতিষ্ঠানকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বকেয়াসহ হাল সনের ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ের সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানকে এই নির্দেশনা দিয়ে একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে। অধিদপ্তরের অর্থ-রাজস্ব বিভাগের সহকারী পরিচালক সেলিনা আখতার স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে অধিদপ্তরাধীন সকল প্রতিষ্ঠানের ভূমি উন্নয়ন কর পরিশোধ নিশ্চিত করতে বলা হয়েছে। নির্দেশনায় উল্লিখিত মাঠ পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বা পিটিআই, উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিস এবং দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জরুরি চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট সকল দপ্তর ও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে চলতি অর্থবছরে তাদের জন্য বরাদ্দকৃত নির্দিষ্ট বাজেট বা অর্থ থেকে বকেয়া এবং চলতি বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ সম্পন্ন করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, রাষ্ট্রীয় কোষাগারে সঠিক সময়ে কর জমা দেওয়া এবং সরকারি সম্পত্তির আইনি ব্যবস্থাপনা সুসংহত রাখার স্বার্থে ভূমি উন্নয়ন কর সময়মতো পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়াটি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল শিক্ষা কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে তদারকি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।