৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ক্যাডারে ১,৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১,৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন প্রদান করা হয়েছে।
পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম এর আগে এক আলাপচারিতায় জুলাইয়ের প্রথম সপ্তাহে ফলাফল দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন।
তবে সব প্রক্রিয়া দ্রুত শেষ করে রবিবার (২৮ জুন) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
৪৭তম বিসিএসের ফলাফল দেখতে এখানে ক্লিক করুন
পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) শেষ হওয়ার পর থেকেই চূড়ান্ত যাচাই-বাছাই ও নম্বর সংকলনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছিল। জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের প্রাথমিক চিন্তা থাকলেও, কারিগরি ও প্রশাসনিক কাজগুলো নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় আজই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করে কমিশন।
এর আগে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩,৬৩১ জন প্রার্থী। পরবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।
এদিকে পিএসসি জানিয়েছে, নিয়োগের দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে কমিশন যে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ রোডম্যাপ তৈরি করেছে, তা সফল করতে সব ধরনের প্রস্তুতি চলছে। এই নতুন নীতিটি মূলত ৫০তম বিসিএস থেকে দেশজুড়ে পুরোপুরি কার্যকর করা হবে।