মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর 

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর কেটে গেলো। কিন্তু এখনো মুছে যায়নি উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডির সেই ভয়াবহ ও বিভীষিকাময় স্মৃতি। 

ঘটনার এক বছর পূর্ণ হলেও কালো দিনটির কথা ভুলতে পারেননি স্বজনহারা পরিবার, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীসহ দেশের জনগণ। প্রিয়জন হারানোর গভীর বেদনা আজও তাড়া করে বেড়াচ্ছে নিহতদের স্বজনদের। ফুলের মতো শিশুদের মৃত্যু মেনে নিতে পারেনি কোনো পরিবার। 

সোমবার (২০ জুলাই) মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে নিহত শিক্ষার্থীদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। 

কর্মসূচির প্রথম দিনে স্কুলের ১৬টি শাখায় একযোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

আনুষ্ঠানিকতা বা বাইরের অতিথিদের উপস্থিতি ছাড়াই সহপাঠীদের ভালোবাসা ও আবেগে দিনটি পালন করেন মাইলস্টোন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী। 

মাইলস্টোন স্কুলের দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর বলেন, ‘‘দুর্ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে নিহত ও আহতদের স্মরণে আমরা দুই দিনব্যাপী কর্মসূচি পালন করছি। প্রথম দিনে স্কুলের ১৬টি শাখায় শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দিয়াবাড়ি ক্যাম্পাসে আহত শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করা হয়েছে। আজকের কর্মসূচিতে কোনো অভিভাবককে আমন্ত্রণ জানানো হয়নি। এটি মূলত শিক্ষার্থীদের নিয়েই আয়োজন করা হয়েছে।’’ 

তিনি বলেন, ‘‘গত তিন দিন ধরে ঢাকা ও ঢাকার বাইরে নিহত শিক্ষার্থীদের যেসব স্থানে দাফন করা হয়েছে, সেখানে শিক্ষকদের পাঠানো হয়েছে। তারা অভিভাবকদের সঙ্গে নিয়ে দোয়া ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন।’’ 

দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে মঙ্গলবার (২১ জুলাই) দিয়াবাড়ি ক্যাম্পাস ছাড়া মাইলস্টোনের অন্যান্য শাখায় সাধারণ কর্মসূচি পালন করা হবে। এছাড়া  দিয়াবাড়ি ক্যাম্পাসে থাকছে দুটি প্রধান আয়োজন। 

এ আয়োজনে বাইরের কোনো অতিথি থাকবেন না। স্কুল কর্তৃপক্ষ এবং নিহত ও আহত শিক্ষার্থীদের অভিভাবকরাই এতে অংশ নেবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।