প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ হয়নি ২৩৭ শিক্ষার্থীর, তদন্তে ৫ সদস্যের কমিটি

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণার পরও রাজশাহীর একটি কেন্দ্রের ২৩৭ শিক্ষার্থীর ফল না আসায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

দ্রুত তদন্ত শেষ করে শিক্ষার্থীদের বৃত্তির ফল প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের সামনে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা মানববন্ধন করেন। পরে তারা বিভাগীয় কমিশনারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন। মানববন্ধনে রাজশাহীর ১২টি বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

এ সময় বক্তব্য দেন ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক ড. আজিবর রহমান, রাজশাহী স্বার্থরক্ষা কমিটির সদস্য সচিব মাহফুজ হাসনাইন হিকোলসহ অনেকে।

বক্তারা বলেন, বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পরও রাজশাহীর একটি কেন্দ্রের ১২টি বিদ্যালয়ের ২৩৭ শিক্ষার্থীর কোনো ফল প্রকাশ করা হয়নি। এ বিষয়ে গত ১৬ জুলাই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হলেও এক সপ্তাহ পেরিয়ে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তারা শুধু আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছেন।

তাদের দাবি, আশ্বাস নয়, দ্রুত তদন্ত শেষ করে শিক্ষার্থীদের বৃত্তির ফল প্রকাশ করতে হবে। পাশাপাশি এ অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

জানা গেছে, রাজশাহী নগরীর উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রাজশাহী সিটি কর্পোরেশনের সাতটি ওয়ার্ডের ১২টি বিদ্যালয়ের মোট ২৩৭ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তবে প্রকাশিত ফলাফলে ওই কেন্দ্রের রোল নম্বর ১০৪৯৫২৭ থেকে ১০৪৯৭৬৪-এর মধ্যে কোনো শিক্ষার্থীর নাম নেই। এতে ফল প্রকাশের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।

এদিকে রাজশাহীর পাশাপাশি ঢাকা ও হবিগঞ্জের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের ফলও প্রকাশ করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রাজশাহীর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “রাজশাহীর একটি কেন্দ্র, হবিগঞ্জের একটি উপজেলা এবং ঢাকার কয়েকটি বিদ্যালয়ের ফল প্রকাশ না হওয়ার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা সবাই ঢাকায় কর্মরত কর্মকর্তা এবং তারা ইতোমধ্যে তদন্তকাজ শুরু করেছেন।”

তিনি জানান, চলতি মাসের ২০ বা ২১ জুলাই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজশাহীর উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফল প্রকাশ না হওয়ার অভিযোগ পাওয়ার পর বিষয়টি অধিদপ্তরকে জানানো হয়। তদন্ত শেষে প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।