প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হবে।
এ পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাই-এর মধ্যে নিজ পরীক্ষাকেন্দ্রে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করার জন্য নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
শনিবার (২৫ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্য শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মধ্যে যারা বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা পুনঃপরীক্ষার জন্য নিবন্ধন করতে পারবেন।
এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন।
নির্দেশনায় বলা হয়েছে, আগ্রহী পরীক্ষার্থীদের ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে নিবন্ধন করতে হবে।
এরপরে, কেন্দ্রগুলোকে নিবন্ধিত পরীক্ষার্থীদের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে ৩০ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠাতে হবে।