এমপিওভুক্ত ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পরিশোধ করতে যাচ্ছে সরকার। আগামী ১৫ আগস্ট দেশের ৬৪ জেলায় একযোগে এই অর্থ পরিশোধ করা হবে। এ জন্য এই খাতে দুই হাজার কোটি টাকা বিশেষ থোক বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী ১৫ আগস্ট আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রথমবারের মতো আইবাস প্লাস প্লাস ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপকারভোগীদের নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে। এজন্য সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করা হয়েছে, যাতে দালাল বা মধ্যস্বত্বভোগীদের কোনো ধরনের সুযোগ না থাকে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক সংবাদমাধ্যমকে জানান, ২০২২ সালের পর থেকে অবসর নেওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কেউই অবসর সুবিধার অর্থ পাননি। দীর্ঘদিন ধরে অর্থের অপেক্ষায় থাকা এসব মানুষ নানা ধরনের আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই চিকিৎসা, পারিবারিক ব্যয় ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে চরম দুর্ভোগে রয়েছেন। এই পরিস্থিতি বিবেচনায় নিয়েই প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।
সচিব আরও জানান, প্রত্যেক শিক্ষক-কর্মচারী গড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। তবে চূড়ান্ত হিসাব এখনও প্রস্তুত করা হচ্ছে। বিপুল সংখ্যক আবেদন যাচাই-বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই অর্থ বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জানা গেছে, সরকারের ঘোষিত কর্মসূচির আওতায় অবসর সুবিধা বোর্ডের প্রায় ৭৫ হাজার আবেদন নিষ্পত্তি করা হবে। এদের মধ্যে প্রায় ৪৪ হাজার শিক্ষক-কর্মচারী একইসঙ্গে কল্যাণ ট্রাস্টের অর্থও পাবেন।
বর্তমানে অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টে এক লাখ ১০ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। এসব আবেদন নিষ্পত্তিতে প্রয়োজন ১০,৩২৬ কোটি টাকা। শিক্ষক-কর্মচারীদের শঙ্কা, একসঙ্গে পুরো টাকা তাদের এখনই নাও দেওয়া হতে পারে।
সংশ্লিষ্টদের দাবি, অবসর সুবিধা বোর্ড ও শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের ইতিহাসে এটিই সবচেয়ে বড় এককালীন অর্থ বিতরণ কর্মসূচি।