দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১৮টি বিদ্যালয় থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব বিদ্যালয়ের মোট ১২৪ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রংপুর বিভাগের ৮টি জেলার ১৮টি বিদ্যালয় থেকে ১২৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। শূন্য পাসের বিদ্যালয়গুলোর মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ স্কুলে ১৮ জন এবং ঘাসিপুর উচ্চ স্কুলে ১৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ জন এবং পলাশবাড়ীর মনোহারপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ জন পরীক্ষার্থী ছিল।
নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নেয়। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা উচ্চ স্কুলে ১২ জন, ব্রাহ্মণপাড়া উচ্চ স্কুলে ৪ জন, সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে একজন এবং ভুরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এএম রাথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ জন এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ১৯ জন পরীক্ষার্থী ছিল।
ঠাকুরগাঁওয়ের আকচা আদর্শ উচ্চ স্কুলে ৪ জন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয়ে ৭ জন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ জন, তাওরিগাঁ উচ্চ বিদ্যালয়ে ৫ জন এবং হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
এ ছাড়া পঞ্চগড়ের বোদা উপজেলার বালারামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন এবং বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন পরীক্ষায় অংশ নেয়।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ ১৮টি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১২৪ শিক্ষার্থীর কেউই এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।