বিবাহিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন না করার নির্দেশ দিয়েছে রাজধানীর হলি ক্রস কলেজ।
একই সঙ্গে কলেজে পড়াশোনার সময় কোনো শিক্ষার্থী বিয়ে করলে তার ভর্তি বাতিল করে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২৫ আগস্ট) হলি ক্রস কলেজ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত এ বিজ্ঞপ্তিতে এসব শর্ত তুলে ধরেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির ক্ষেত্রে বিবাহিত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। আর শিক্ষাবর্ষ চলাকালে কোনো শিক্ষার্থীর বিয়ে করলে তাকে টিসি দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নাই। সেশন চলাকালীন সময়ে কারও বিয়ে হলে তাকে টিসি দেওয়া হবে।
এছাড়া নিয়মিত ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান, শরীরচর্চা এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ। এসব বিষয়ে কারও আপত্তি থাকলে আবেদন না করার নিদের্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় এবার শিক্ষার্থী নেবে হলি ক্রস কলেজ। এসএসসির ফল এবং লিখিত সিলেকশন টেস্টের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করা হবে বলে জানিয়েছে তারা।
আগামী ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য ফি দিতে হবে ৫০০ টাকা। আবেদনকারীদের পরবর্তী সময়ে লিখিত সিলেকশন পরীক্ষা/টেস্টে অংশ নিতে হবে।
একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত আরও তথ্য কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।