চুয়েট উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আজও ক্লাস-পরীক্ষা বর্জন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে আজও ক্লাস-পরীক্ষা বর্জন, শাটডাউনসহ নানা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে সমর্থন জানিয়ে কর্মবিরতি পালন করছে চুয়েট শিক্ষক সমিতি ও চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে চুয়েট প্রধান ফটকে কমপ্লিট শাটডাউন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এছাড়াও সকাল ৯টা থেকে চুয়েট প্রধান ফটকে “৫৬ বল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত হয়। চলবে সারা দিনব্যাপী।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান,শিক্ষক, শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর বিভিন্ন মহল থেকে চাপ, ভয়-ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদে আজ দুপুর দেড়টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও আজ বিকেল ৫টা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে বিগ স্ক্রিনে “বনলতা এক্সপ্রেস” মুভি প্রদর্শন করা হবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

চুয়েট শিক্ষার্থী মো. নুর উদ্দিন বলেন, “অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম ৫৬ দিনে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে চুয়েটকে আধুনিকায়নের চেষ্টা করেছেন। কোন অভিযোগ ছাড়াই তাকে অপসারণ করা হয়েছে। এটা অন্যয়৷ পুর্নবহাল না করা পর্যন্ত আমাদের দাবি চলতে থাকবে।”

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে তার স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, গত ২৭ জুলাই অধ্যাপক সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মাত্র ৫৬ দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাত থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন চুয়েট শিক্ষক সমিতি।

এর ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন তারা।