টানা ৯ দিনের ছুটি পেতে যাচ্ছে শিক্ষার্থীরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষার্থীরা টানা নয় দিনের ছুটি পেতে যাচ্ছে। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার নির্ধারিত তারিখে কোনো পরিবর্তন করা হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।

এদিকে, ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) আবারও সাপ্তাহিক ছুটি রয়েছে। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকলেও এর সঙ্গে সাপ্তাহিক দুই দিনের ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূলত ২৫ অক্টোবর (রবিবার) খুলবে।

ফলে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা নয় দিনের ছুটি ভোগ করবে।