একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চায়ন করবেন কবে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে ফলাফল প্রকাশ করা হয়েছে।  

সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। একইসঙ্গে আবেদনকারীদের মোবাইল নম্বরে বার্তার মাধ্যমেও ফল পাঠানো হয়েছে।

আগামী ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তিসংক্রান্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে।

ফলাফল দেখবেন যেভাবে

নির্বাচিত শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। এজন্য ওয়েবসাইটের হোম পেজে থাকা ‘ফলাফল’ বাটনে ক্লিক করতে হবে। এরপর নির্ধারিত ঘরে রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের বছর ও নিবন্ধন নম্বর দিতে হবে। পরে নিরাপত্তা যাচাইয়ের কোড লিখে ‘ফলাফল দেখুন’ বাটনে ক্লিক করলে মনোনীত কলেজের নাম ও বিষয় দেখা যাবে।

আবেদনের সময় দেওয়া বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বরেও নির্বাচিত কলেজের তথ্য খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

নিশ্চায়নের সুযোগ কবে পর্যন্ত

ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তিসংক্রান্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী নির্বাচন নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে আগামী ৯ অক্টোবর রাত ৮টায়। আর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।

গত ১ অক্টোবর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শেষ হয়েছে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ধাপের আবেদন, ফল প্রকাশ, ভর্তি কার্যক্রম ও নির্বাচন নিশ্চায়নের সময়সূচি জানানো হয়েছিল।