এইচএসসির ফল প্রকাশের প্রস্তাব মন্ত্রণালয়ে, জানা গেল সম্ভাব্য সময়

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

সোমবার (১২ অক্টোবর) তিনি বলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে। মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেলে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ অগাস্ট শেষ হয়। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়। বৈরি আবহাওয়ার কারণে কয়েকটি বোর্ডের কয়েক জেলায় পরীক্ষা পরে নেওয়া হয়।