পদত্যাগ করলেন ঢাবির ৫ সহকারী প্রক্টর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। তারা ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতনের মাধ্যমে উপাচার্য বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন।

পাঁচ সহকারী প্রক্টর হলেন- সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন সংবাদমাধ্যকে বলেন, “আমাদের দুজন গতকাল পদত্যাগ করেছেন। তারা হলেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার ও আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম। আজ অফিসে এসে দেখলাম, কিছুক্ষণ আগে আরও তিনজন পদত্যাগপত্র দিয়ে গেছেন।”

রাজনৈতিক চাপের কারণে সহকারী প্রক্টরদের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার পক্ষ থেকে কোনো ধরনের চাপ আমি অনুভব করিনি। তাদের ওপর কোনো চাপ দেওয়া হয়েছে কি না, সেটি তারাই বলতে পারবেন। আমি এমনটা মনে করিনি।

তিনি আরও বলেন, আমার পক্ষ থেকে কারো প্রতি বিদ্বেষ বা বিদ্বেষমূলক কোনো আচরণ আজ পর্যন্ত করিনি। মানুষ হিসেবে সবাইকে সমানভাবে দেখার চেষ্টা করি।

পদত্যাগের পেছনে রাজনৈতিক কারণ খোঁজার বিষয়ে তিনি বলেন, সব কিছুতেই রাজনীতি খোঁজার কোনো প্রয়োজন নেই। বিভিন্ন কারণে কারো মধ্যে অভিমান বা দূরত্ব তৈরি হতে পারে। তবে সবকিছুকে রাজনৈতিকভাবে দেখার বিষয়টি ঠিক নয়।