গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়ছে, কোনটিতে কত?

দেশের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে আসন সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট ১৬ হাজার ৯৩টি আসন রয়েছে। তবে নতুন করে চারটি বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার সম্ভাবনা থাকায় মোট আসন সংখ্যা বেড়ে ১৬ হাজার ৬৪৩টিতে দাঁড়াতে পারে।

গত ১ নভেম্বর দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের আসন সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়। সেই তথ্যানুযায়ী, বর্তমানে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৬ হাজার ৯৩টি। তবে নতুন চার বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং এর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন প্রয়োজন।

কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন

প্রকাশিত তথ্য অনুযায়ী, গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন বিন্যাস নিম্নরূপ:

ইসলামী বিশ্ববিদ্যালয়: ২,৫১৫টি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: ১,১৭৫টি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ১,৩৯৫টি

বরিশাল বিশ্ববিদ্যালয়: ১,৫৭০টি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: ৮৫০টি

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়: ৩৯০টি

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়: ১২৬টি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৮৭৫টি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১,৬১১টি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১,০৩০টি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৮৩০টি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১,৫৮০টি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৯০টি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০৪টি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৯৫০টি

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৯০টি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি: ২২০টি

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৭২টি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৬০টি

নওগাঁ বিশ্ববিদ্যালয়: ১৬০টি

গুচ্ছে নতুন করে যুক্ত হওয়ার সম্ভাবনায় থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো- বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়।

এর মধ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগের চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভাগ দুটির অনুমোদন মিললে বিশ্ববিদ্যালয়টিতে প্রাথমিকভাবে ৮০ থেকে ১০০টি আসন থাকতে পারে। অন্যদিকে, বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো বিভাগ অনুমোদন পায়নি। এসব বিশ্ববিদ্যালয়ের বিভাগ অনুমোদন এবং ইউজিসির প্রয়োজনীয় সিদ্ধান্তের পরই আসনসংখ্যা চূড়ান্ত হবে। প্রাথমিকভাবে এই তিনটির প্রতিটিতে আনুমানিক ১০০ থেকে ১৫০টি করে আসন থাকতে পারে। অর্থাৎ, চারটি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত হলে গুচ্ছের মোট আসন ৩৮০ থেকে ৫৫০টি পর্যন্ত বাড়তে পারে।

শিক্ষার্থীদের আর্থিক ও শারীরিক ভোগান্তি কমাতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় ইউজিসি। এ পদ্ধতির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা পরীক্ষায় অংশ নেওয়ার ঝামেলা কমানো। একটি সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমেই গুচ্ছভুক্ত একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি হয়।

২০২৬-২৭ শিক্ষাবর্ষেও এই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তুতি রয়েছে। তবে নতুন চার বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত গুচ্ছে যুক্ত হবে কি না এবং সেগুলোর চূড়ান্ত আসনসংখ্যা কত হবে, তা সংশ্লিষ্ট বিভাগগুলোর অনুমোদন ও ইউজিসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।