গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

নিরাপত্তাশঙ্কায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মোরাদ হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। জেলা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা, আন্দোলন ও সহিংস ঘটনার কারণে স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, বেলা দুইটার দিকে মিছিল নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে যান। সেখানে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে স্লোগান দেন তারা। সাত কর্মদিবসের মধ্যে দাবি পূরণ না হলে নিজেরাই তা বাস্তবায়ন করবেন বলে হুঁশিয়ারি দেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে কয়েকটি মিছিল বের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীদের হাতে রামদা, চায়নিজ কুড়াল, লাঠিসোঁটা ও অন্যান্য দেশি অস্ত্র দেখা গেছে। এ সময় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে আনসার সদস্য ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি।

শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোহেল হাসান।

উপাচার্য বলেন, “পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চলবে। হল খোলা থাকলেও বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের সেখানে না থাকাই ভালো।”