এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের সংশোধিত ফল প্রকাশ, ফল পরিবর্তন ২৩ হাজার ১৪৫ জনের

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র (খাতা) পুনর্নিরীক্ষণের ফলাফলে গরমিল ধরা পড়ার পর সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রথমে সারাদেশে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তনের তথ্য জানানো হলেও সংশোধিত হিসাবে তা কমে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৪৫ জনে। অর্থাৎ প্রথম হিসাবের চেয়ে ১০ হাজার ২০৪ জন কম শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় প্রথম দফায় ফল প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেই ফলাফলের সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট গ্রুপসহ শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে দেওয়া হয়েছিল। কিন্তু পরিসংখ্যানে গরমিল ধরা পড়ায় সন্ধ্যার আগেই মন্ত্রণালয়ের গ্রুপ থেকে তা সরিয়ে নেওয়া হয়। এরপর নতুন করে হিসাব কষে রাত সাড়ে ৭টায় সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করা হয়।

নতুন হিসাব অনুযায়ী, এবার পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ফল পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের, যা আবেদনকারীদের হিসাবে ৭ দশমিক ৯৫ শতাংশ। ফল পরিবর্তন হওয়াদের মধ্যে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন, আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন।

বোর্ডভিত্তিক হিসাবে, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৯ হাজার ৭১০ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩ হাজার ১৮২ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪১১ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ফল বদলেছে ১ হাজার ১২৮ জনের; এদের মধ্যে ১৪২ জন ফেল থেকে পাস করেছেন ও ১৭১ জন নতুন জিপিএ-৫ পেয়েছেন। কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ৩০৭ জনের ফল পরিবর্তন হয়েছে, যাদের মধ্যে ২ হাজার ২২৪ জন ফেল থেকে পাস করেছেন এবং ৩৮ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।

সাধারণ বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা বোর্ডে, ৫ হাজার ৮৫৩ জনের। এরপর রয়েছে কুমিল্লা (২ হাজার ৮১৩), ময়মনসিংহ (২ হাজার ৬৬৮), চট্টগ্রাম (২ হাজার ৪৩) ও দিনাজপুর (২ হাজার ৩৫)। বাকি বোর্ডগুলোর মধ্যে যশোরে ১ হাজার ৭৩৬ জন, সিলেটে ১ হাজার ২৬৭ জন, রাজশাহীতে ৭৭৫ জন এবং বরিশালে ৫২০ জনের ফল পরিবর্তন হয়েছে।

সংশোধিত ফলাফলে দেখা গেছে, সাধারণ বোর্ডগুলোর মধ্যে ফেল থেকে পাসের সংখ্যায় শীর্ষে ময়মনসিংহ, এ বোর্ডে ৬৫৪ জন ফেল থেকে পাস করেছেন। আর নতুন জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে ঢাকা বোর্ড, যেখানে ৪৬৫ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।