ঢাবির ২ শিক্ষক বরখাস্ত, সাবেক উপাচার্যকে হাজিরের নির্দেশ

অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল এবং আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে সশরীরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম জানান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে বিধি অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাঁদের বিষয়ে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সাবেক উপাচার্য মাকসুদ কামাল ও প্রভাষক শাহরিমা তানজিন অর্নির প্রসঙ্গে উপাচার্য বলেন, তাদের বর্তমান অবস্থান সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত নয়। তাই সিন্ডিকেট সভা থেকে তাদের সাত কর্মদিবসের মধ্যে সশরীরে রেজিস্ট্রারের কাছে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার ভূমিকা এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ নানা অভিযোগের সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষকের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী জানান, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় পরবর্তী সিন্ডিকেট সভায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।