এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১১টি শিক্ষাবোর্ডে গড় পাশের হার ৭৭.৭৮%। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। পাশ করতে পারেনি ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় স্ব-স্ব প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার ফল অনলাইন থেকেও ডাউনলোড করা যাবে।
এর আগে ২০২৩ সালের পরীক্ষাতে ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাশের হার শূন্য ছিল। ২০২২ সালের এইচএসসিতে শূন্য পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫০টি। এ বছর মোট ৯,১৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডে পাশের হার ৭৯.২১%, রাজশাহী বোর্ডে পাশের হার ৮১.২৪%, কুমিল্লা বোর্ডে পাশের হার ৭১.১৫%, যশোর বোর্ডে পাশের হার ৬৪.২৯%, চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৭০.৩২%, বরিশাল বোর্ডে ৮১.৮৫%, সিলেট বোর্ডে ৮৫.৩৯%, দিনাজপুর বোর্ডে পাশের হার ৭৭.৫৬%, ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৬৩.২২%।
এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৯৩.৪০% এবং কারিগরি বোর্ডে পাশের হার ৮৮.০৯%।