স্কুলে ভর্তির জন্য নির্বাচিত ৩ লাখ শিক্ষার্থী

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারির ফল প্রকাশ করা হয়েছে। এতে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৩ লাখ ৬,০৮৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এছাড়াও আরও দুটি অপেক্ষমাণ তালিকা করেছে ভর্তি কমিটি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার পর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এতে সরকারি ও বেসরকারি স্কুলের ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা দেওয়া হয়।

  

মাউশি জানিয়েছে, প্রথম তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কবে শুরু হবে তা দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে। প্রথম তালিকায় সুযোগ পেয়েও যারা ভর্তি হবে না, তাদের ফাঁকা আসনের জন্য আরও ২টি অপেক্ষমাণ তালিকা তৈরি করা হয়েছে।

লটারিতে সরকারি স্কুলগুলোতে প্রথম তালিকায় নির্বাচিত হয়েছে ৯৮,২০৫ জন। আর বেসরকারি স্কুলে ভর্তির জন্য মনোনীত হয়েছে ২ লাখ ৭,৮৮৩ জন। এছাড়াও সরকারি স্কুলের প্রথম অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে ৭৯,৫০২ জনকে এবং দ্বিতীয় অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৫৮,৫৫৮ জনকে।

ভর্তির জন্য যারা মনোনীত হয়েছেন তাদের মোবাইলে এসএমএস করে স্কুলের নাম জানিয়ে দেওয়া হয়েছে।

ফল জানা যাবে যেভাবে

ডিজিটাল লটারির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল জানতে পারবেন। মাউশির দেওয়া লিংক https://gsa.teletalk.com.bd/–তে প্রবেশ করে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।

নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণ করবেন বলে মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে।