আন্দোলনের মুখে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো ইউআইইউ

আন্দোলনের মুখে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) প্রশাসন।

শনিবার (২১ জুন) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার পরিচালক আবু সা-দাত মো. মুনতাসিরবিল্লা এই তথ্য জানান।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন সভা করে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীরা রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, সে সময়ের মধ্যেই আমরা সিদ্ধান্ত জানিয়েছি। এটাই শিক্ষার্থীদের মূল দাবি ছিল।”

তিনি বলেন, “আর যারা বহিষ্কৃত ছিলেন, তারা চলতি স্প্রিং সেমিস্টার থেকে ক্লাস চালিয়ে যেতে পারবেন। যাদের দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছিল, তারা ক্লাসে ফিরবেন ফল সেমিস্টার থেকে।”

এর আগে সকালে, বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর নতুনবাজার মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলনে নামে ইউআইইউ শিক্ষার্থীরা। পরে তারা ঘোষণা দেন, ‍আগামীকাল রবিবার সকাল ১০টা থেকে বিক্ষোভ অব্যাহত থাকবে। একইসঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত “বাংলা ব্লকেড” ও “আমরণ অনশন” কর্মসূচি চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি হল-

১. “অন্যায়ভাবে” বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃশর্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

২. বহিষ্কারের সঙ্গে জড়িত ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে।

৩. ইউআইইউতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম-অসুবিধা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে যেসব সংস্কার দাবি করা হয়েছে, সেই সব বাস্তবায়ন করতে হবে।

৪. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্বাধীন সংস্কার কমিশন গঠন করতে হবে।

৫. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫% কর বাতিল করতে হবে।