পর্দার মতো বাস্তবেও ছিল তাদের প্রেম। তবে একসময় সেই প্রেম ভেঙে যায়। এরপর আর প্রকাশ্যে একসঙ্গে দেখা হয়নি তাদের। অবশেষে ১০ বছর পর গতকাল এক মঞ্চে দেখা মিলল ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব ও শুভশ্রীর। অনেক আগে কৌশিক গাঙ্গুলীর ‘‘ধূমকেতু’’ সিনেমায় অভিনয় করেছিলেন এই জুটি। অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সেই সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠান ছিল গতকাল।
মঞ্চে হাতে হাত রেখেই প্রবেশ করেন তারা। এরপর একে একে দূরত্ব ঘুঁচাতে শুরু করেন তারা। একপর্যায়ে খুনসুটিতে মেতে ওঠেন তারা। প্রসঙ্গে ওঠে ইনস্টাগ্রামে ব্লক করার। শুভশ্রী জানান, দেবই তাকে ব্লক করেছিল। এদিন মঞ্চে ফিরেই পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন।
সম্প্রতি দেব-শুভশ্রীর ফেরা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রীর স্বামী ও পরিচালক রাজ চক্রবর্তী।
গতকাল শুভশ্রীর সিনেমার প্রচারে রাজ কেন উপস্থিত হননি- এমন প্রশ্নের জবাবে রাজ বলেন, ‘‘আমার অনেক কাজ ছিল, অনেক মিটিং ছিল। তা ছাড়া, আমি তো এই অনুষ্ঠানে যেতে পারি না! আমি এই সিনেমার সঙ্গে সরাসরি যুক্ত নই, তৃতীয় পক্ষ। এটা তো আমার বিয়ে হচ্ছে না যে আমায় থাকতে হবে। এটা একটা অনুষ্ঠান। এই ছবির সঙ্গে যারা যারা যুক্ত তারা উপস্থিত ছিলেন। আমরা দু’জনই কাজের দুনিয়ায় ভীষণ ব্যস্ত। নিজের কাজ মিটিয়ে তার পরে বাকি দিক সামলানোর চেষ্টা করি।’’
শুভশ্রী ও দেবের রসায়ন প্রসঙ্গে রাজ বলেন, ‘‘দেবের ‘প্রাক্তন বান্ধবী’ শুভশ্রী আমার স্ত্রী। প্রত্যেক মানুষের ‘অতীত’ আছে। আপনার জীবনেও হয়তো আছে। সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে? (নিজেকে সামলে নিয়ে) মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়। এটা কোনো অপরাধ নয়। তার মধ্যে অনেক স্মৃতি আছে, অনেক ইতিবাচক দিক রয়েছে। সেটা আছে বলেই সোমবারের অনুষ্ঠান এত সুন্দর, এত সফল। আমি একে সম্মান করি, ঈর্ষা করি না।”
অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে শুভশ্রীর প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে রাজ বলেন, ‘‘ওর মুখে তৃপ্তির হাসি। খুব ভাল হয়েছে অনুষ্ঠান, উপস্থিত প্রত্যেকে খুশি। বলছিল আর তৃপ্তির হাসি হাসছিল।”