গত ১০ আগস্ট ঢাকার একটি হোটেলে ছেলের জন্মদিন পালন করেন চিত্রনায়িকা পরীমণি। এই আয়োজনের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই গতকাল রবিবার (১৭ আগস্ট) দুপুরে জানা যায়, সন্তানসহ হাসপাতালে ভর্তি রয়েছেন এই অভিনেত্রী। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসক দুজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সংবাদ মাধ্যম প্রথম আলো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা যায়, ছেলের জ্বর আর নিজের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেত্রী। পরীমণির ঘনিষ্টজনের বরাত দিয়ে প্রতিবেদেন উল্লেখ করা হয়, শ্বাসকষ্টের সমস্যায় নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তবে আজ দুপুরে জানা যায়, শ্বাসকষ্ট কমে গেলেও এখনও জ্বরে আক্রান্ত রয়েছেন অভিনেত্রী। চিকিৎসকেরা ওষুধপত্র দিয়েছেন। শরীরে ব্যথাও আছে। চিকিৎসকের পরামর্শ, আরও কয়েকটা দিন মা-ছেলের হাসপাতালে থাকতে হবে।
এদিকে হাসপাতালে যাওয়ার পর এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। তিনি লিখেছেন, ‘‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’’ পোস্টের শেষে পরীমণি জানান, বিস্তারিত আসছে।