কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, গোবিন্দ ও সুনীতা আহুজার সংসার ভাঙতে চলেছে। এবার সেই গুঞ্জনই যেন সত্যি হলো। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, গোবিন্দর স্ত্রী সুনীতা ভারতের মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫-এর ধারা অনুযায়ী মামলা করেছেন সুনীতা। তার অভিযোগ, গোবিন্দ পরকীয়ায় জড়িত ছিলেন, তাকে নির্যাতন করেছেন এবং দাম্পত্যজীবনে তার সঙ্গে প্রতারণা করেছেন।
এতে আরও উল্লেখ করা হয়েছে, চলতি বছরের গত ২৫ মে আদালত গোবিন্দকে তলব করলেও তিনি হাজির হননি। এরপর আদালত তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেন। অন্যদিকে সুনীতা গত জুন মাস থেকে নিয়মিত শুনানিতে ও আদালতের নির্দেশে পরামর্শদাতা সেশনে স্বশরীরে উপস্থিত থাকছেন।
নিজের এক ইউটিউব চ্যানেলে সুনীতা বলেছিলেন, ‘‘আমি ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করছি, যাতে আমার বিয়ে বেঁচে যায় এবং আমি ভালোভাবে জীবন যাপন করতে পারি। কিন্তু এমনটা হয়নি।’’
ওই ভিডিওতে কাঁদতে কাঁদতে সুনীতা আরও বলেছিলেন, ‘‘যে আমার ঘর ভাঙার চেষ্টা করবে, যে আমার মনকে আঘাত করার চেষ্টা করবে, তার ভালো হবে না। একজন ভালো মানুষকে এভাবে আঘাত দেওয়া উচিত নয়। আমি এখন কাউকেই বিশ্বাস করি না।’’
এদিকে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে গোবিন্দর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এখন কিছু সমস্যা দেখা গেলেও ডিভোর্সের কোনো প্রশ্নই আসে না। মানুষ পুরোনো বিষয়গুলো টেনে সামনে নিয়ে আসছে, আসলে এমন কিছুই এখন হচ্ছে না।
বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেতার ম্যানেজার শশী বলেন, ‘‘সব দম্পতির মধ্যেই কিছু মতবিরোধ থাকে। এগুলো অনেক পুরোনো কথা, যেগুলোকে এখন মসলা মিশিয়ে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করার চেষ্টা করছে কিছু মানুষ ও মিডিয়া।’’