সাত বছর পর আবারও আলো ঝলমলে মঞ্চে ফিরলো দেশের জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স সুপারস্টার।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে গ্র্যান্ড ফিনালে।
শুরু থেকেই কে বিজয়ী হবে তা নিয়ে বেশ উত্তেজনা ছিল। শেষ পর্যন্ত মুকুট উঠেছে রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতার মাথায়। বিজয়ীর হাতে ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
তারকায় ভরা এই সন্ধ্যায় শোবিজ অঙ্গনের পরিচিত মুখদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে ওঠে আরও বর্ণিল। চূড়ান্ত পর্বে লড়াই করেন পাঁচ প্রতিযোগী—বিদুষী বর্ণিতা, আমিনা ইসলাম, নুসরাত আফরীন ইয়ুমনা, তিস্তা পাল এবং নাযাহ নাওয়ার বিনতে নুরুল।
বিজয়ীর জন্য ছিল বিশেষ চমক, সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি ট্রফির পাশাপাশি একটি বিলাসবহুল গাড়িও তুলে দেওয়া হয় তার হাতে।
অন্যদিকে, প্রথম রানার আপ হয়েছেন আমিনা ইসলাম এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন নাযাহ নাওয়ার বিনতে নুরুল।
আয়োজকদের মতে, এবারের আসরকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাজানো হয়েছে নতুনভাবে। শুধু সৌন্দর্য নয়, প্রতিযোগীদের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব, স্টাইল এবং কনটেন্ট তৈরির ক্ষমতাকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর বলেন, “এই প্ল্যাটফর্ম থেকে উঠে আসা প্রতিযোগীরা ইতোমধ্যে চলচ্চিত্র, নাটক ও ওটিটিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন—যা লাক্স সুপারস্টারের সাফল্যেরই প্রমাণ।”
পুরো প্রতিযোগিতা জুড়ে অংশগ্রহণকারীদের গ্রুমিং করিয়েছেন আজরা মাহমুদ। বিচারকের আসনে ছিলেন জয়া আহসান, রায়হান রাফী এবং মেহজাবীন চৌধুরী।
লক্ষাধিক আবেদন থেকে বাছাই হয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতা ধাপে ধাপে এগিয়ে সেরা দশ এবং সেখান থেকে চূড়ান্ত পাঁচে এসে পৌঁছায়। সব প্রতিযোগিতাকে পেছনে ফেলে নতুন তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন বিদুষী বর্ণিতা।
গ্র্যান্ড ফিনালেটি সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আই ও এর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।