গত মঙ্গলবার (১২ মে) ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের। দক্ষিণ ফ্রান্সের সমুদ্রতীরবর্তী কান শহরের ‘পালে দে ফেস্টিভ্যাল’ ভবনে উদ্বোধনী এই অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় ১২ দিনব্যাপী এই সিনেমার মহোৎসব, যা আগামী ২৩ মে পর্যন্ত চলবে। বরাবরের মতো এবারও উৎসবের মূল আকর্ষণ তারকাদের গ্ল্যামার আর নামী সব ডিজাইনারদের পোশাকের প্রদর্শনী। তবে এবারের আসরে আভিজাত্যের পাশাপাশি নজর কেড়েছে তারকাদের সাহসী ও ব্যতিক্রমী সব ফ্যাশন।
কান চলচ্চিত্র উৎসবে একের পর এক চমক দিচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রেড কার্পেটের লাইমলাইট এখন বলিউড সুইটহার্ট আলিয়ার ওপরই। আজ দ্বিতীয় দিনে শাড়ি-গাউনের মহারানি লুকে মুগ্ধ করে রেড কার্পেট মাতালেন সিন্ডারেলা আমেজের প্যাস্টেল গাউনের লুকে।
ডিজনির সিন্ডারেলা অ্যানিমেটেড মুভি যারাই দেখেছেন, তারা এই প্যাস্টেল বল গাউনটি চিনতে পারবেন। আবার জেনজিরা মিল খুঁজে পাচ্ছেন এলসার সঙ্গে স্টিল ব্লু এই গাউনের।
ডেমি মুর ফরাসি লাক্সারি ব্র্যান্ড জাকমুস (Jacquemus) এর একটি কাস্টম রুপালি সিকুইন গাউন পরেছেন। স্ট্র্যাপলেস এই পোশাকটির কোমরে রয়েছে একটি জ্যামিতিক পেপলাম ফোল্ড এবং নিচের অংশটি চমৎকার মারমেইড কাটে মেঝেতে ছড়িয়ে পড়েছে। এই ভাস্কর্যসদৃশ গাউনটির সাথে তিনি শোপার্ড (Chopard) ব্র্যান্ডের একটি আকর্ষণীয় বহুতর বিশিষ্ট হীরার নেকলেস পরে নিজের ওল্ড হলিউড গ্ল্যামার লুকটি সম্পূর্ণ করেছেন। সাধারণ সিল্যুয়েটের বাইরে গিয়ে এই স্থাপত্যধর্মী পোশাকটি রেড কার্পেটে এক ধরণের আধুনিক ও শক্তিশালী বার্তা দিয়েছে। তার এই লুক আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছে।
৮০ বছর বয়সী কিংবদন্তি অভিনেত্রী জেন ফন্ডা প্রথাগত লং গাউনের বদলে পরেছিলেন কালো সিকুইন জাম্পসুট এবং তার ওপর জড়িয়ে নিয়েছিলেন বিশাল এক অ্যানিমেল প্রিন্ট কোট। বয়সের ফ্রেমে নিজেকে বন্দি না রেখে তার এই স্টাইলিশ এবং পাওয়ারফুল উপস্থিতি নজর কেড়েছে সবার।
উৎসবের লালগালিচায় বিশ্বের নানা প্রান্ত থেকে আসা তারকাদের ভিড়ে এবারও আলাদাভাবে নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ অভিনেত্রী ও মডেল মাকসুদা আখতার প্রিয়তি। উৎসবের একেবারে প্রথম দিনেই তার সোনালি উপস্থিতি আন্তর্জাতিক ফ্যাশন মহলে তোলপাড় ফেলে দেয়। আর এটি ছিল কানের লালগালিচায় তার ১১তম পদচারণা - যা নিজেই একটি বিশেষ মাইলফলক।
এবারের উৎসবে শুধুমাত্র দামী কাপড়ই নয়, গুরুত্ব পেয়েছে টেকসই ফ্যাশনও। বেশ কয়েকজন তারকাকে দেখা গেছে পুনর্ব্যবহৃত উপাদান দিয়ে তৈরি পোশাক পরে রেড কার্পেটে হাঁটতে। জলবায়ু পরিবর্তনের প্রতি সংহতি প্রকাশ করে তৈরি এই পোশাকগুলো দেখতে কিছুটা অপ্রথাগত হলেও এর ভেতরের শৈল্পিক গুণ ছিল অনন্য।
৭৯তম কান চলচ্চিত্র উৎসবের ১২ মে-র উদ্বোধনী থেকে শুরু করে এখন পর্যন্ত পোশাকে কেবল সুন্দর দেখানোর অনুষঙ্গ নয়, বরং তা হয়ে উঠেছে আত্মপ্রকাশের মাধ্যম। আলিয়ার শৈল্পিক স্নিগ্ধতা থেকে শুরু করে ডেমি মুরের স্থাপত্যধর্মী গাউন - সবই সিনেমার এই মহোৎসবে যোগ করেছে নতুন মাত্রা। আগামী ২৩ মে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের এই জমকালো আসর।