পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হয়েছে আরও এক আন্তর্জাতিক স্বীকৃতি। এ বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
প্রতি বছর ৩০ বছরের কম বয়সী এশিয়ার প্রভাবশালী ও সম্ভাবনাময় তরুণ-তরুণীদের নিয়ে এই তালিকা প্রকাশ করে ফোর্বস। এবারের তালিকায় বিনোদন ও ক্রীড়া বিভাগে স্থান পেয়েছেন ২৮ বছর বয়সী হানিয়া আমির।
২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেন হানিয়া। এরপর একের পর এক নাটক ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। ‘ফির ওহি মোহাব্বতে’ নাটকে অভিনয়ের জন্য অর্জন করেন সেরা টেলিভিশন সেনসেশন নারী বিভাগে হাম অ্যাওয়ার্ডস।
ফোর্বসের তথ্য বলছে, বর্তমানে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী থাকা পাকিস্তানি নারী তারকাদের মধ্যে একজন হানিয়া আমির। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা দুই কোটিরও বেশি। অভিনয়, বিনোদন ও ডিজিটাল প্ল্যাটফর্মে তার প্রভাব এবং জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই মর্যাদাপূর্ণ তালিকায়।
এই অর্জন উদ্যাপন করতে নিজের স্বাভাবিক ও স্টাইলিশ উপস্থিতিতেই দেখা দেন হানিয়া। লাল রঙের ক্যামিসোল টপ ও জিন্সে ধরা দেন তিনি, যা নজর কাড়ে ভক্তদের।
অভিনয়ের পাশাপাশি তিনি আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করেছেন। গত বছরের শেষে জাতিসংঘের ‘ইউএন উইমেন’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হন হানিয়া আমির। এবার ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় জায়গা করে নেয়ায় এটি অভিনেত্রীর ক্যারিয়ারে শুধু একটি অর্জন নয়; বরং আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরও শক্ত ও বড় সাফল্যের পথে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে ধারণা করছেন অনেকে।
বর্তমানে একটি বড় আন্তর্জাতিক প্রজেক্ট নিয়ে ক্যারিয়ারের সঙ্গে যুক্ত হয়েছেন হানিয়া আমির। জানা গেছে, তিনি অভিনয় করবেন ‘জো বাচে হ্যায় সাঙ সামেট লো’ নামের একটি সিরিজে, যা পরে বিশ্বের অন্যতম বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
তার সাম্প্রতিক দুইটি পাকিস্তানি নাটক ‘কাভি ম্যায় কাভি তুম’ এবং ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ ব্যাপক সফলতা পেয়েছে এবং জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে।