টাইটানিকের ‘রোজ’ হতে চেয়েছিলেন জেনিফার অ্যানিস্টন, অ্যাঞ্জেলিনা জোলিও!

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত “টাইটানিক"-এ কেট উইন্সলেট ও লিওনার্দো ডিক্যাপ্রিওর “রোজ” ও “জ্যাক” চরিত্র দুটি আজও সিনেমাপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে শুরুতে এই দুই চরিত্রে অভিনয়ের জন্য হলিউডের আরো বেশ কয়েকজন অভিনেত্রী ছিলেন পরিচালকের পছন্দের শীর্ষে।

মার্কিন অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম হাফপোস্ট-এর এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক জেমস ক্যামেরন ছবিটির প্রধান দুই চরিত্রের জন্য একাধিক হলিউড তারকার নাম বিবেচনা করেছিলেন।

“রোজ” চরিত্রের সম্ভাব্য তালিকায় ছিলেন জেনিফার অ্যানিস্টন, অ্যাঞ্জেলিনা জোলি, ড্রিউ ব্যারিমোর, ক্রিস্টিনা অ্যাপলগেট, জেনিফার কনেলি, ক্লেয়ার ডেনস, জিনা ডেভিস, মিনি ড্রাইভার, নিকোল কিডম্যান, উইনোনা রাইডার, উমা থারম্যান, শার্লিজ থেরন, রিজ উইদারস্পুন, ম্যাডোনাসহ আরো অনেক অভিনেত্রী।

অন্যদিকে, “জ্যাক” চরিত্রের জন্য পরিচালকের পছন্দের শীর্ষে ছিলেন ক্রিশ্চিয়ান বেল, বিলি ক্রুডাপ, জনি ডেপ, ব্র্যাড পিট, স্টিফেন ডরফ, ম্যাথিউ ম্যাককনাহে, ক্রিস ও'ডনেল, রিভার ফিনিক্স এবং “হোম অ্যালোন”খ্যাত ম্যাকলে কালকিন।

এই তালিকায় থাকা সবাই কি আনুষ্ঠানিকভাবে অডিশন দিয়েছিলেন, তা নিশ্চিত নয়। তবে এদের মধ্যে কেউ কেউ প্রাথমিক পর্যায়ে বিবেচনায় ছিলেন, আবার কেউ স্ক্রিন টেস্ট বা কাস্টিং আলোচনার অংশ ছিলেন!

হাফপোস্ট আরো জানায়, অভিনেতা ক্রিশ্চিয়ান বেল প্রকাশ্যে “জ্যাক” চরিত্রটি পাওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত চরিত্রটি পান লিওনার্দো ডিক্যাপ্রিও। অন্যদিকে “রোজ” চরিত্রে নির্বাচিত হন কেট উইন্সলেট।

শেষ পর্যন্ত কেট উইন্সলেট ও লিওনার্দো ডিক্যাপ্রিওর অনবদ্য অভিনয় ও রসায়ন “টাইটানিক”কে সর্বকালের অন্যতম সফল ও জনপ্রিয় চলচ্চিত্রে পরিণত করে।