ভিন্ন ধর্মে বিয়ে, লাভ জিহাদ বিতর্ক নিয়ে মুখ খুললেন আমির খান

সম্প্রতি বলিউড সুপারস্টার আমির খান গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। এটি তার তৃতীয় বিয়ে। 

তবে, বিয়ের পর থেকেই নানা ধরনের আলোচনা-সমালোচনার মুখোমুখি হতে হয়েছে এই দম্পতিকে। অনেকে এ বিয়েকে ‘লাভ জিহাদ’, ভিন্ন ধর্মে বিয়ে বলে তাদের দিকে আঙুল তুলেছেন। 

যদিও সব বাধা পেরিয়ে এবার প্রথমবারের মতো মুখ খুলেছেন সুপারস্টার আমির খান। 

ভারতীয় সংবাদ সংস্থা রেডিফকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান জানান, তাদের পরিবারে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিয়ে হয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রেই ধর্ম পরিবর্তনের প্রশ্ন ওঠেনি। 

‘লাভ জিহাদ’-এর অভিযোগের জবাবে আমির বলেন, ‘‘সত্যি বলতে, আমাদের পরিবার খুবই উদার এবং সবাইকে আপন করে নেয়। আমার ২ বোনেরই বিয়ে হিন্দু পরিবারে হয়েছে। আমার মেয়েও একজন হিন্দুকে বিয়ে করেছে। আমার চাচাতো ভাই মনসুর একজন খ্রিষ্টান নারীকে বিয়ে করেছে।’’ 

ধর্ম পরিবর্তনের প্রসঙ্গে আমির আরও বলেন, ‘‘গৌরী স্প্র্যাট, কিরণ রাও কিংবা রীনা দত্ত-কেউই তাদের ধর্ম পরিবর্তন করেননি। কারণ, আমাদের সব বিয়েই সিভিল ম্যারেজ ছিল। গৌরী হিন্দুও নন, তিনি একজন খ্রিষ্টান। তবে তিনি নিয়মিত ধর্মচর্চাকারী খ্রিষ্টানও নন। সময়ের সঙ্গে জীবন আরও বেশি উপভোগ্য হয়ে উঠছে।’

ভারতীয় এই সুপারস্টারের প্রথম বিয়ে হয়েছিল রীনা দত্তর সঙ্গে। তাদের দাম্পত্য ছিল ১৯৮৬ থেকে ২০০২ সাল পর্যন্ত। এরপর ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। সেই সম্পর্কের ইতি ঘটে ২০২১ সালে। 

সর্বশেষ ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে আয়োজিত এক ব্যক্তিগত অনুষ্ঠানে ৪৭ বছরের গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন ৬১ বছরের আমির খান।