নিউ ইয়র্কে বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের যাত্রা শুরু ২ আগস্ট

যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলা সিনেমার প্রচার ও প্রসারে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আগামী ২ আগস্ট নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বসতে যাচ্ছে ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’ -এর জমকালো প্রথম আসর।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শক, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, কলাকুশলী এবং সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এবারের আয়োজন। উৎসবে প্রদর্শিত হবে নির্বাচিত বাংলা চলচ্চিত্র এবং প্রদান করা হবে বিভিন্ন বিভাগে বিশেষ সম্মাননা। পাশাপাশি থাকবে দেশ-বিদেশের বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, অভিনয়শিল্পী, নির্মাতা ও অতিথিদের অংশগ্রহণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং রেড কার্পেট আয়োজন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের মূল লক্ষ্য হলো বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তোলা, নতুন নির্মাতাদের উৎসাহিত করা এবং বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখা।

ফিল্মপ্রেমী, গণমাধ্যমকর্মী এবং প্রবাসী বাংলাদেশিসহ সকলকে অনুষ্ঠানে উপস্থিত থেকে এই আন্তর্জাতিক আয়োজনকে সফল করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রিয়জন ফিল্মস এবং লেমন স্টুডিও যৌথভাবে আয়োজন করেছে এই বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। সার্বিক সহযোগিতায় থাকছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম এবং পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এই তিনটি ক্যাটাগরিতে নির্মিত সকল বাংলা চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে জুলাই ৩০ থেকে ৩ দিন । এবং সর্বক্ষেত্রে সেরাদের পুরস্কার প্রদান করা হবে।

এবিষয়ে নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের আহ্বায়ক জনাব অলিভ আহমেদ বলেন, “আমরা চেষ্টা করছি আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি প্লাটফর্ম তৈরি করতে। শুধুমাত্র নাচ গান আর ভিসাপ্রপ্তদের গণহারে ক্রেস্ট তুলে দিতে চাই না।”

সদস্য সচিব জনাব লিটু আনাম বলেন, “আমাদের এই আয়োজনের সঙ্গে আছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার এসোসিয়েশন। তারা আমাদের নিশ্চিত করেছেন যে সেরাদের উপর তারা বিনিয়োগ করবেন। ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে আছেন চলচ্চিত্র নির্মাতা পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর তানভীর সানি।”

মূল আয়োজনের পূর্বে  ৩দিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে প্রথমদিন ৩০ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ‍্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ ও পূর্ণদৈর্ঘ‍্য চলচ্চিত্র সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’। দ্বিতীয়দিন ৩১ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘The Eternal Journey’ এবং পূর্ণদৈর্ঘ‍্য চলচ্চিত্র মিশুক মনির ‘দেয়ালের দেশ’। তৃতীয়দিন ১ আগস্ট প্রদর্শিত হবে জায়েদ খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’ এবং পূর্ণদৈর্ঘ‍্য চলচ্চিত্র, রাইসুল ইসলাম অনিকের ‘বিশ্বাস করেন ভাই’ ও প্রসূন রহমানের ‘শিকড়’। আর ২ আগস্ট অনুষ্ঠিত হবে মূল আয়োজন। এতে অংশগ্রহণ করতে ইতোমধ্যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক চলচ্চিত্র তারকারা নিউ ইয়র্কে পাড়ি জমিয়েছেন।

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের এটি প্রথম আসর হওয়ায় বিগত ৩ বছরের (২০২৩-২০২৫) সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা পরিচালক, গায়ক-গায়িকা ও কলাকুশলীদের মধ্যে মোট ২০টি ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করা হবে। বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে বিশেষ অবদানের জন্য বায়োস্কোপ ফিল্মসকে এবং বাংলাদেশে সিনেমা হলের আধুনিকায়ন ও দর্শকদের আবার প্রেক্ষাগৃহমুখী করতে, আধুনিক প্রদর্শনব্যবস্থা চালু করতে এবং দেশীয় চলচ্চিত্রের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় স্টার সিনেপ্লেক্সকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে প্রদান করা হবে আজীবন সম্মাননা পদক।