হায়দ্রাবাদে শুটিং করার সময় গুরুতর আহত হয়েছেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী রাশমিকা। ‘রাণাবলী’ ও ‘মাইসা’ ছবির শুটিং করতে গিয়ে নিতম্বে আঘাত পেয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই ছবিতেই রয়েছে লড়াইয়ের দৃশ্য ও নাচের দৃশ্য। তেমনই একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোট পান অভিনেত্রী। আঘাত এতটাই গুরুতর যে তার নিতম্ব ও কোমরের মাঝে একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গিয়েছে বলে জানা গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, এই ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে দেখা যায়, যারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলন করেন। তাই একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন আঘাত দেখে তারাও বিস্মিত।
এই অভিনেত্রীকে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। সর্বশেষ‘ককটেল ২’ সিনেমায় তিনি অভিনয় করেছেন।
এই আকস্মিক দুর্ঘটনার ফলে ছবির শুটিং সিডিউল এবং বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের কাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।