সবশেষ ২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমায় দর্শক দেখেছিল বাপ্পারাজের অভিনয়। এরপর আর কোনো কাজে পাওয়া যায়নি তাকে।
এরপরে, বিরতি কাটিয়ে গত বছর মোস্তফা খান সিহানের ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ ও মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ সিনেমায় নাম লেখান বাপ্পারাজ। তবে এখনো আলোর মুখ দেখেনি একটিও। এর মধ্যেই মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমায় যুক্ত হলেন বাপ্পারাজ।
আগস্টের শুরুতে মহরত অনুষ্ঠানের মাধ্যমে গুলশানের চামেলি সিনেমার ঘোষণা দেন মোহাম্মদ ইকবাল। এটি দিয়ে ঢাকাই সিনেমায় যাত্রা শুরু করতে যাচ্ছেন টালিউডের মধুমিতা সরকার। চিত্রনায়ক আমিন খান বিরতির পর বড় পর্দায় ফিরছেন এ সিনেমার মাধ্যমে। এতে আরও থাকছেন রোজিনা, ওমর সানী, আজমেরী হক বাঁধনসহ অনেকে। এবার নির্মাতা ইকবাল জানালেন এই সিনেমায় বাপ্পারাজের অভিনয়ের খবর।
‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার আর অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে। অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।
নির্মাতা ইকবাল জানান, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে শুটিং শুরুর পরিকল্পনা করেছেন তিনি। আগামী বছর কোনো এক ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।