সবশেষ ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাদের রসায়ন বেশ প্রশংসা পেয়েছিল।
অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তারা। শাহরুখের নতুন সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে দেখা যাবে কারিনাকে।
জানা গেছে, শচীন-জিগারের সুর করা এই গানটির সম্ভাব্য শিরোনাম ‘ড্যাডি কুল’। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় টানা পাঁচ দিন গানটির শুটিং করবেন শাহরুখ-কারিনা।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত বড় পরিসরে তৈরি হচ্ছে গানটি। এতে ভারতীয় শিল্পীর পাশাপাশি আন্তর্জাতিক কোনো সংগীত তারকাও কণ্ঠ দেবেন। গানটিতে শাহরুখ ও কারিনাকে একেবারেই ভিন্ন লুকে পাওয়া যাবে। নির্মাতাদের প্রত্যাশা, এটি হতে চলেছে এ বছরের অন্যতম সেরা গান এবং কিং সিনেমার বড় চমক।
এর আগে শাহরুখের সঙ্গে ‘অশোকা’, ‘কাভি খুশি কাভি গাম’ এবং ‘রা.ওয়ান’-এর মতো সিনেমায় পূর্ণাঙ্গ জুটির পাশাপাশি ‘ডন’ ও ‘বিল্লু’ সিনেমায় অতিথি চরিত্রেও নজর কেড়েছিলেন কারিনা। ফলে দীর্ঘদিন পর আবারও এই জুটির ফেরার খবরে আনন্দিত ভক্তরা।
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড় আয়োজনে নির্মিত হচ্ছে কিং। ৩৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা আগাগোড়া শাহরুখকেন্দ্রিক হলেও এর অন্যতম আকর্ষণ শাহরুখকন্যা সুহানা খান।