বক্স অফিসে দাপট দেখাচ্ছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ: পার্ট ওয়ান’। মুক্তির প্রথম দুই দিনে বিশ্বজুড়ে সিনেমাটির আয় ছাড়িয়েছে ২২১ কোটি রুপি। ভারতীয় বক্স অফিসের পাশাপাশি বিদেশের বাজার থেকেও উল্লেখযোগ্য আয় এসেছে।
শনিবার (৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, বক্স অফিসের হিসাব নিয়ে কাজ করা স্যাকনিল্কের ৭ নভেম্বর সকাল ১০টা ৩ মিনিটে হালনাগাদ করা তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দুই দিনে সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২২১ কোটি ৫ লাখ রুপি। এর মধ্যে ভারতের বাজার থেকে এসেছে ১৩৪ কোটি ৮০ লাখ রুপি। আর বিদেশের বাজারে আয় হয়েছে ৮৬ কোটি ২৫ লাখ রুপি।
আলোচিত এই সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতা চরিত্র সাই পল্লবী। রাবণ চরিত্রে রয়েছেন যশ। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সানি দেওল ও লারা দত্ত।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির নেট আয় ছিল ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে আয় হয়েছে ৪৮ কোটি ৫ লাখ রুপি। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় কমেছে ২৫ দশমিক ৯ শতাংশ।
ভাষাভিত্তিক আয়ের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে হিন্দি সংস্করণ। প্রথম দুই দিনে হিন্দিতে সিনেমাটির নেট আয় ৮৩ কোটি রুপি। এ ছাড়া কন্নড় সংস্করণ থেকে ১২ কোটি ৪০ লাখ, তেলেগু থেকে ১০ কোটি ৭৫ লাখ, তামিল থেকে ৪ কোটি ১০ লাখ এবং মালয়ালম থেকে ২ কোটি ৬৫ লাখ রুপি আয় হয়েছে।