অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের “ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬” অনুষ্ঠানের অতিথি তালিকা থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকেরা।

শনিবার (৭ নভেম্বর) আয়োজক কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। সিদ্ধান্তের পর অনুষ্ঠানের নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন জানান, ঢাকা আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির সাম্প্রতিক ঘটনার আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি ইতিমধ্যে পরীমনিকে জানানো হয়েছে।

আয়োজকেরা আরও জানান, সংবাদমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ এবং চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা সাংবাদিকদের দাবির প্রতি সমর্থনও জানিয়েছেন।

খালেদ সুমন বলেন, “অনুষ্ঠানে অনেক শিল্পী আসবেন। পরীমনির পরিবর্তে অভিনেত্রী অপু বিশ্বাস কিংবা বুবলি আসতে পারেন, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। অনুষ্ঠানটি আগামী ২৮ নভেম্বর নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে হওয়ার কথা রয়েছে।“

শুক্রবার (৬ নভেম্বর) রাতে পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লেখেন, “দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।” পোস্টার ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আয়োজকদের অতিথি নির্বাচন পুনর্বিবেচনার আহ্বান জানান।

চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ফারুক মুনির পোস্টারটি শেয়ার করে লেখেন, দৈনিক সমকালের সংশ্লিষ্ট সাংবাদিক রবি ও তার মায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট না করলে আয়োজকদের বিকল্প অতিথি খুঁজে নেওয়া উচিত। এরপর চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্বিতণ্ডা হয়। পরীমনি ও তার দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের অভিযোগ, ভিডিও ধারণের সময় পরীমনি তার ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের ফোন ফিরিয়ে নেন।