এবার পরীমণিকে আইনি নোটিশ

সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, হুমকি এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

নোটিশে সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য তাকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে পরীমণিকে আদালত প্রাঙ্গণের ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ভবিষ্যতে চলচ্চিত্র, ভিডিও বা অন্য কোনো মাধ্যমে অশ্লীল কথাবার্তা, হুমকি, কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি কিংবা নগ্ন ও অশালীন নাচ-গান থেকে বিরত থাকতে বলা হয়েছে। নোটিশে এসব কর্মকাণ্ডের কোনো শৈল্পিক বা শিক্ষামূলক মূল্য নেই বলেও উল্লেখ করা হয়।

এছাড়া নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে পরীমণিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী সময়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশের বিবরণ অনুযায়ী, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি। সকাল ১১টা ৪০ মিনিটে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকরা তার ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়।  

এ সময় পরীমণি ‘সমকাল’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। তার সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা রবিউলের ভিডিও ট্রাইপডও ভেঙে ফেলেন বলে উল্লেখ করা হয়।

ধাক্কাধাক্কির ঘটনায় ‘জাগো নিউজ’-এর প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আবদুল্লাহ আল কাউছার, ‘আগামীর সময়’-এর প্রতিবেদক সিয়াম হোসেন এবং ‘টাইমস টুডে’-র শাহ রিয়াজ আহত হন বলে নোটিশে বলা হয়েছে। এছাড়া সুজন চন্দ্র মণি দাস নামের এক বিচারপ্রার্থীর মাথা ফেটে রক্ত বের হওয়ার খবরও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, আদালত প্রাঙ্গণে সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। সেখানে একাধিক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে পেশিশক্তি প্রদর্শন কিংবা আদালতের পরিবেশ নিয়ন্ত্রণের আইনি সুযোগ কারও নেই।

নোটিশে অভিযোগ করা হয়, আদালত থেকে বের হওয়ার পর পরীমণি ডান হাত জন্মগতভাবে বিকলাঙ্গ (বাঁ হাতের তুলনায় ছোট এবং তিনটি আঙুল নেই) সাংবাদিক রবিউল হোসাইনের দিকে তেড়ে যান। এ সময় তাকে ‘এদিকে আয়, আমার হাত এভাবে ধরলি কেন?’ বলে গালিগালাজ করেন এবং ‘তোকে পিষে মেরে ফেলব’ বলে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার ভিডিও  সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

একজন পেশাদার সাংবাদিকের প্রতি পরীমণির এমন আচরণকে পেশাগত মর্যাদার ওপর আঘাত হিসেবে উল্লেখ করা হয়েছে নোটিশে। এতে বলা হয়, এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য চরম হুমকিস্বরূপ। একজন চলচ্চিত্র অভিনেত্রীর কাছ থেকে এমন আচরণ কাম্য নয়।

এছাড়া, গত ৬ নভেম্বর পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় সংগীতকে মিউজিক হিসেবে ব্যবহার করে একটি অশ্লীল পোস্ট করেছেন বলেও আইনি নোটিশে অভিযোগ করা হয়েছে।

এসব কর্মকাণ্ড নিয়ে খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা নেতিবাচক ও সমালোচনামূলক মন্তব্য করছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।