পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় শুনানির তারিখ আবারও পেছালো

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ দিন ধার্য করেন।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আজ ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এজন্য সকাল সাড়ে ১০টার দিকে পরীমণি আদালতে উপস্থিত হন। পরে আদালতে গিয়ে তারা জানতে পারেন, মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করা হয়েছে।”

আইনজীবী আরও বলেন, “পরে সিএমএম আদালতে পরীমণিকে হাজির করা হয়। এরপর বিচারক অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।”

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে সেদিন পায়ে ব্যথার কারণে পরীমণি আদালতে হাজির হতে পারেননি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়।

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। পরদিন ৫ আগস্ট র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লিখিতভাবে সিআইডিকে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে ওই লাইসেন্সের মেয়াদ আগেই শেষ হয়ে যায়।

অভিযোগপত্রে আরও বলা হয়, পরীমণি এ মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। তার গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করা হতো বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এরপর ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করেন। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রম পরীমণির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে এ মামলায় পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির নির্দেশ দেন উচ্চ আদালত।