ভারতে ‘দার-ই-নিজাত’-এর প্রদর্শনী বাতিল

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে পাকিস্তানি টেলিভিশন নাটক ‘দার-ই-নিজাত’। তবে ভারতে নাটকটির প্রদর্শনী ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও অনলাইন প্রতিক্রিয়ার মুখে ভারতের বেঙ্গালুরুতে নির্ধারিত দুটি বিশেষ প্রদর্শনী বাতিল করেছেন আয়োজকেরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুতে নাটকটির দুটি ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এর মধ্যে প্রথমটি আগামী ২৮ নভেম্বর ফ্রেজার টাউনের ‘শীশ কাবাব’ রেস্তোরাঁয় হওয়ার কথা ছিল। ‘বেঙ্গালুরুতে প্রথমবারের মতো প্রদর্শনী’ এমন প্রচারণাও চালানো হয়েছিল আয়োজনটি ঘিরে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়ার কথা থাকা এই অনুষ্ঠানে নাটকটির ৩৪ ও ৩৫তম পর্ব দেখানোর পাশাপাশি পারস্য ও আরবীয় খাবারের আয়োজনও রাখা হয়েছিল।

অন্যদিকে, দ্বিতীয় প্রদর্শনীটির আয়োজন করেছিল ‘দ্য স্টার ক্লাব’। আগামী ৫ ডিসেম্বর শহরের একটি ব্যক্তিগত প্রেক্ষাগৃহে এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

দুটি আয়োজনের প্রচারপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের একাংশের মধ্যে সমালোচনা শুরু হয়। বিষয়টি নজরে আসে বেঙ্গালুরু পুলিশেরও। শহরটির পুলিশ কমিশনার আর হিতেন্দ্র জানান, পুলিশ এ ধরনের আয়োজনের বিষয়ে অবগত হয়েছে এবং আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে। মাঠপর্যায়ে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে তা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিতর্ক ও পুলিশের তৎপরতার পর প্রথম আয়োজনের ভেন্যু ‘শীশ কাবাব’-এর এক প্রতিনিধি নিশ্চিত করেছেন, ২৮ নভেম্বরের প্রদর্শনীটি আর অনুষ্ঠিত হচ্ছে না। তবে প্রদর্শনী বাতিলের নির্দিষ্ট কোনো কারণ জানাননি তিনি।

উল্লেখ্য, শেহরিয়ার মুনাওয়ার ও দুরে ফিশান সেলিম অভিনীত ‘দার-ই-নিজাত’ নাটকটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকটিতে আবু বকর চরিত্রে শেহরিয়ার মুনাওয়ার এবং জারিয়াব চরিত্রে অভিনয় করেছেন দুরে ফিশান সেলিম।