ক্যান্সারের সঙ্গে এক বছরের বেশি সময় ধরে লড়াই করে মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১২টার দিকে ঢাকার গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
তিনি ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং নির্মাতা নুরুল আলম আতিকের স্ত্রী।
মাতিয়া বানু শুকুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এরশাদুল হক টিংকু গ্লিটজকে বলেন, “রাত ১২টার দিকে চিকিৎসক তাদের মৃত্যুর খবর দেন। গত শনিবার শুকু আপাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে আইসিইউ থেকে তাকে প্যালিয়েটিভ কেয়ারে নেওয়া হয়েছিল। সেখান থেকেই তিনি চলে যান।”
এক বছরের বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যান্সার শনাক্ত হয়। এরপর দীর্ঘদিন চিকিৎসা চললেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ছোট পর্দা ও চলচ্চিত্রে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। বিশেষ করে মধ্যবিত্ত জীবনের গল্প ও সামাজিক বাস্তবতা তার নির্মাণে উঠে এসেছে।
২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এ ছাড়া ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন।
এছাড়া ‘টু-লেট’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’ তার উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে। নির্মাণের নিজস্বতা ও গল্প বলার ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গির কারণে নাট্যাঙ্গনে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি।
শেষ বিদায় ও দাফনের সময়সূচি জানিয়ে এরশাদুল হক টিংকু বলেন, “ভোর ৬টায় তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নেওয়া হবে। সেখানে সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাখা হবে। এরপর সকাল ১১টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।”
শহীদ মিনার থেকে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে। সেখানে জুমার নামাজের পর তার জানাজা হবে। পরে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হবে।