গত কয়েকদিন ধরে চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান ও ওমর সানীর পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ঢালিউডপাড়া। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে, ওমর সানী-মৌসুমী দম্পতির ঘর আলো করে নতুন অতিথি আসতে যাচ্ছে। তবে ওমর সানী জানালেন, বিষয়টি একেবারেই ভিত্তিহীন।
সোমবার (১৩ জুন) মৌসুমী-ওমর সানী ও জায়েদ খান ইস্যুতে কোনো এক সাংবাদিকের সঙ্গে অভিনেতা ওমর সানির একটি কথিত কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে এক প্রান্ত থেকে বলতে শোনা যায়, “আমাদের ফুটফুটে দুটি সন্তান আছে। আরও একটি সন্তান আসছে ইনশাল্লাহ। আমাদের সুখের সংসার। আমি আল্লাহকে হাজির-নাজির সাক্ষি রেখে কথাগুলো বলছি...।”
এরই সূত্র ধরে খবর রটে, “আবারও মা-বাবা হতে যাচ্ছেন ওমর সানী-মৌসুমী দম্পতি।” কিন্তু ওমর সানী পুরো বিষয়টিকেই অসত্য দাবি করে জানান, তার বক্তব্যটি এডিটিং করে ছড়ানো হয়েছে।
ওমর সানী বলেন, “বিষয়টি পুরোই গুজব। আমার কথাকে এডিট করা হয়েছে। মাঝের কিছু কথা ফেলে দিয়ে এডিট করে কথাটা ওভাবে ছড়ানো হচ্ছে। এগুলো তো ঠিক না। যারা এটা করছেন তারা কেন করছেন তারাই ভালো বলতে পারবেন। অনেক গণমাধ্যমকর্মীদের সঙ্গে কাল কথা হয়েছে। কে বা কারা এটা এভাবে এডিট করে ছড়িয়েছে সেটা জানি না।”
প্রসঙ্গত, শুক্রবার ঢাকার একটি কনভেনশন সেন্টারে অভিনেতা ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানে চিত্রনায়ক জায়েদ খানকে অভিনেতা ওমর সানী চড় মারেন। এ সময় জায়েদ খানও পিস্তল বের করে ওমর সানীকে গুলি করার হুমকি দেন বলেও জানা যায়।
ওমর সানীর দাবি, তার স্ত্রী চিত্রনায়িকা চিত্রনায়িকা মৌসুমীকে বিরক্ত করায় তিনি জায়েদ খানকে চড় মেরেছেন। তবে জায়েদ খান প্রথম থেকেই চড় দেওয়ার মতো ঘটনা ঘটেনি বলে দাবি করে আসছিলেন। এমনকি, তার সঙ্গে পিস্তল ছিল না বলেও জানান এ অভিনেতা।
পরবর্তীতে রবিবার জায়েদ খানের বিরুদ্ধে রবিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। অভিযোগে তিনি জায়েদ খানের বিরুদ্ধে তার স্ত্রী এবং চিত্রনায়িকা মৌসুমীকে হয়রানি এবং বিরক্ত করার অভিযোগ আনেন। এমনকি, জায়েদ খান তাদের সুখের সংসার ভাঙার চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন।
তবে ওমর সানীর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর দাবি, এ অভিযোগ ভিত্তিহীন। বরং জায়েদ খান তাকে যথেষ্ট সম্মান করেন এবং সে একজন ভালো ছেলে। মৌসুমী জায়েদ খানের বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে দিলেও তাকে দোষারোপ করতে নারাজ ওমর সানী। স্ত্রীর এমন মন্তব্যের পরেও জায়েদ খানের বিরুদ্ধে আনা অভিযোগে নিজের অবস্থান থেকে এক চুলও সরবেন না বলে জানিয়েছেন তিনি। পরবর্তীতে মৌসুমী-ওমর সানী দম্পতির ছেলেও বাবার পক্ষে দাঁড়ান।