জায়েদ খান, মৌসুমী এবং ওমর সানীকে নিয়ে গত এক মাসে অনেক ঘটনা ঘটেছে। অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ-সানীর মধ্যকার চড়কাণ্ড নিয়ে ঘটনার সূত্রপাত। পরে সেখানে উঠে আসে চিত্রনায়িকা মৌসুমীর নাম। সানী অভিযোগ করেন, জায়েদ তার স্ত্রী মৌসুমীকে বিরক্ত করেন। তবে জায়েদ খান সেই অভিযোগ অস্বীকার করেন।
ঘটনায় নতুন মোড় আসে যখন মৌসুমী জায়েদ খানের পক্ষে অবস্থান নেন। তখন ওমর সানী-মৌসুমীর সংসার ভেঙে যাওয়া নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওমর সানীও জায়েদ খানের বিরুদ্ধে জাতীয় চলচ্চিত্র সমিতির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানান। ত্রিমুখী এ সংঘাত নিয়ে দর্শক থেকে শুরু করে সাধারণ জনগণও হাসিঠাট্টায় মেতে উঠেছিল।
তবে সেই সংঘাত মিটমাট হয়েছে অনেকেই। ওমর সানী-মৌসুমী দম্পতির বিবাহবিচ্ছেদের গুঞ্জনও বাতাসে মিলিয়ে গেছে। তবে তখনকার পরিস্থিতি বেশ অস্বস্তিতে ফেলেছিল মৌসুমীকে। নিজের সেই অভিমান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মৌসুমী বলেছিলেন, “লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়। সামনে যেটা থাকে সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি।”
অবশেষে সেই অভিমানকে গুটিয়ে আবারও নিজের কাজের আঙ্গিনা অর্থাৎ শুটিংয়ে ফিরেছেন মৌসুমী। আর সেটিও জায়েদ খান ও ওমর সানী অভিনীত “সোনার চর” সিনেমা দিয়ে। জাহিদ হোসেন পরিচালিত এ চলচ্চিত্রের অধিকাংশ কাজ শেষ হয়ে গেলেও মৌসুমীর ডাবিং বাকি ছিল। ২৯ জুন সেটা সেরে নিতেই এফডিসিতে ফিরেন এ চিত্রনায়িকা।
কাজে ফেরার প্রসঙ্গে মৌসুমী বলেন, “অনেকদিন পর কাজে ফিরতে পেরে বেশ ভালো লাগছে। ‘সোনার চর’ একটি জীবন ঘনিষ্ঠ সিনেমা। দর্শকদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবাই পছন্দ করবে।”
মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কে ঘিরে “সোনার চর” সিনেমার গল্প গড়ে উঠেছে। এতে মৌসুমী এবং ওমর সানী পরস্পরের স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে, জায়েদ খান রয়েছেন মুক্তিযোদ্ধার চরিত্রে। সঙ্গে রয়েছেন নবাগত অভিনেত্রী স্নিগ্ধা।
“সোনার চর” সিনেমাটির শুটিং শুরু হয় ২০২১ সালের সেপ্টেম্বরে। জায়েদ খান ও স্নিগ্ধার চারটি গান বাদে সিনেমার পুরো কাজ শেষ। শিগগির বাকি থাকা গানগুলোর শুটিং শুরু হবে। সেগুলো সম্পন্ন করে সিনেমার নির্মাতা-প্রযোজকরা মুক্তির জন্য প্রস্তুতি শুরু করবেন।