‘পরাণ’ দেখে কাঁদলেন পরীমণি

স্বামী শরিফুল রাজ অভিনীত “পরাণ” সিনেমা দেখে কাঁদলেন চিত্রনায়িকা পরীমণি।

শনিবার (২৩ জুলাই) শরিফুল রাজ-পরীমণি একসঙ্গে রাজধানীর মিরপুরের সনি স্কয়ারে অবস্থিত সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার দেখেন। সিনেমা দেখা শেষে খুশিতে রাজকে জড়িয়ে ধরেন পরীমণি। এরপর  কেঁদে ফেলেন তিনি।

সিনেমা শেষে পরীমণি সাংবাদিকদের বলেন, “রাজ অভিনীত 'পরাণ' সিনেমার প্রশংসা শুনছি সবার মুখে। সিনেমা নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে। আমারতো খুশিতে কান্না চলে এসেছে। ওরা সবাই ভালো অভিনয় করেছেন।”

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- চয়নিকা চৌধুরী, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আরিফিন শুভ, মাহিয়া মাহি, সিয়াম আহমেদ, পূজা চেরি, দিঘী, রোজি সিদ্দিকীসহ অনেকে।

প্রসঙ্গত, ঈদ-উল-আজহায় শরীফুল রাজ অভিনীত “পরাণ” সিনেমাটি প্রথমে ১১টি হলে মুক্তি পায়। পরে গতকাল  শুক্রবার থেকে সিনেমাটির হল সংখ্যা বেড়ে ৫৫ হয়।

কয়েকদিন আগেই সামাজিকমাধ্যমে শরিফুল রাজ জানান, স্ত্রী পরীমণির সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন। এ প্রসঙ্গে রাজ নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ত্রী পরীকে উদ্দেশ্য করে লিখেছিলেন, “তোমাকে নিয়ে ‘পরাণ’ দেখব বলেছিলাম প্রথম সপ্তাহে। নিজেই টিকেট পাচ্ছি না প্রিয় স্ত্রী। পরের সপ্তাহে দেখব। ”

রাজের সেই পোস্টের মন্তব্যের ঘরে গিয়ে আনন্দে জড়িয়ে ধরার ইমোজি দিয়েছিলেন পরীমণি। আর “পরাণ” মুক্তির পর রাজকে শুভকামনা জানিয়েছিলেন এই অভিনেত্রী। রাজকে কাছে পেয়ে দর্শকের উল্লাসের একটি ভিডিও প্রকাশ করে তিনি লিখেছিলেন, “আমার পরাণটা দিলে তো কাঁপিয়ে। এভাবেই সামনে এগিয়ে যাও।”

২০২১ সালের ১৭ অক্টোবর প্রেমের সাতদিনের মাথায় গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ ও পরীমণি। পরে এ বছরে ১০ জানুয়ারি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মা হওয়ার খবর জানান পরীমণি। সেদিন সন্তানসম্ভবা হওয়ার খবরের সঙ্গে নিজেদের বিয়ের কথাও প্রকাশ্যে আনেন পরীমণি-রাজ।


আরও পড়ুন