ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া নাকের সমস্যা নিয়ে দিল্লিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার পরীক্ষা-নিরীক্ষা শেষে ভারতের দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
সোমবার (২৮ নভেম্বর) বা মঙ্গলবারের মধ্যে তার নাকে অপারেশন হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, অনেক দিন ধরেই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল শবনম ফারিয়ার। দেশে এবং দেশের বাইরে অনেক জায়গায় চিকিৎসা করিয়েছেন তিনি। প্রথমে ভেবেছিলেন তার কার্ডিয়াক সমস্যা। পরে জানতে পারেন, তার কার্ডিয়াক কোনো সমস্যা নেই।
আরও পড়ুন- যেভাবে এক ধাক্কায় ৩৯ কেজি ওজন কমালেন অভিনেত্রী রুনা খান
তবে জটিলতা রয়েছে নাকে! নাকের হাড় ক্রমশ বেঁকে যাচ্ছে। সে কারণেই শ্বাসকষ্টজনিত সমস্যা ভোগাচ্ছে তাকে।
এ বিষয়ে অভিনেত্রী শবনম ফারিয়া সাংবাদিকদের বলেন, “এক বছর ধরে আমার নিশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল। তাই আমি অনেক কার্ডিয়াক স্পেশালিষ্ট দেখিয়েছি। কিন্তু দিল্লিতে এসে জানলাম, আমার কার্ডিয়াকে কোনো সমস্যা নেই। আমার নাকে সমস্যা।”
তিনি আরও বলেন, “আমার নাকের একটা হাড় ক্রমশ বাঁকছে। চিকিৎসক বলেছেন সেটি কেটে ফেললে সমস্যার সমাধান হবে।”
সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, “আমি জানি এই হাসপাতালটি দিল্লির সবচেয়ে ভালো হাসপাতালগুলোর একটি। তবে সত্যিই আমি হাসপাতাল নিয়ে নার্ভাস। সবার কাছে দোয়া চাই। আমি যেন ভয়টাকে জয় করতে পারি। অপারেশনটা যেন সুন্দরভাবে শেষ হয়।”