পৃথিবীর মায়া মায়া কাটিয়ে চিরনিদ্রায় ফুটবলের রাজা ব্রাজিলের কিংবদন্তি পেলে। ফুটবলের এই রাজা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ৮২ বছর বয়সে এই মহাতারকার জীবনাবসান হয়।
“কালো মানিক” খ্যাত পেলের মৃত্যু এখনও কোনোভাবেই মানতে পারছেন না অনেকেই। পেলে ফুটবলার হিসেবে কিংবদন্তি হলেও তার পরিচিতি ছিল বিশ্বব্যাপী। যুগ থেকে যুগান্তরে প্রতিটি প্রজন্মের কাছেই পেলের অবস্থান ছিল সম্মানের আসনে। পেলের মৃত্যু তাই ক্রীড়াজগতের বাইরেও অনেকের কাছেই বিষাদের উপলক্ষ হয়ে এসেছে।
বর্তমানে বিখ্যাত অথবা কিংবদন্তি কারও জন্মদিন, মৃত্যু সংবাদ কিংবা যেকোনো উপলক্ষে বিভিন্ন তারকারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অ্যাকাউন্টে তাদের ছবি দিয়ে পোস্ট করেন। পেলের মৃত্যুসংবাদে শোক জানিয়ে সেটি করেছিলেন মধুমিতা সরকারও। কিন্তু সেটি করতে গিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে এই অভিনেত্রীকে।
শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পেলের মৃত্যুতে শোকবার্তা দেন মধুমিতা। কিন্তু তাতে প্রথমে তিন বিশ্বকাপ ট্রফি হাতে পেলের সঙ্গে রিয়াল মাদ্রিদের তরুণ উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের ছবিও পোস্ট করেন এই ভারতীয় অভিনেত্রী। হয়ত পেলের তরুণ বয়সের চেহারার সঙ্গে ভিনিসিয়াসের মুখের অনেকটা মিল থাকাতেই এই ভুল করেছেন তিনি।
পরে অবশ্য ভুল বুঝতে পেরে ভিনিসিয়াসের ছবি সরিয়ে দেন মধুমিতা। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। মধুমিতা সেই ছবি পোস্টের সঙ্গে সঙ্গে স্ক্রিনশট তুলে নেন অনেক ব্যবহারকারী। তাই ভুল সংশোধনের পরেও মধুমিতার পোস্টের কমেন্ট সেকশন ছেয়ে যায় সেই ভুলের স্ক্রিনশটে।
শুধু তাই না, কমেন্ট সেকশনে অনেকে এই ভুলের জন্য উপহাসও করেন মধুমিতাকে। বিশ্বকাপ খেলা এই তারকার ছবি পেলের সঙ্গে এভাবে পোস্ট করা নিয়ে মধুমিতার কাণ্ডজ্ঞানহীনতার নিন্দা জানাচ্ছেন অনেকে। মধুমিতার ফুটবল সম্রাট পেলের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রকে মিলিয়ে ফেলা ব্যবহারকারীদের অনেকেই সহজভাবে নিতে পারছেন না।
এক ব্যবহারকারী লিখেছেন, নির্বোধ মেয়ে!, অপর এক ব্যবহারকারী লিখেছেন, বাচ্চা ভিনিসিয়াসকেও মৃত ঘোষণা করে দিচ্ছেন, না জেনে সব কিছুতে ফুটেজ খেতে গেলে এটাই হয়। পরবর্তীতে সেই পোস্ট মুছে দিয়ে ব্রাজিলের জার্সিতে সতীর্থের কাঁধে উঠে উল্লাসরত অবস্থায় পেলের ছবি পোস্ট করে নতুনভাবে শোকবার্তা দেন তিনি। তবে তাতেও থামেনি উপহাস। যদিও এসবের জবাবে মধুমিতা সরকার কিছুই বলেননি।