২০২২ সালে অক্ষয় কুমার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছিল। কিন্তু তার অভিনীত “বচ্চন পান্ডে”, “সম্রাট পৃথ্বীরাজ”, “রাম সেতু”, “কাটপুতলি”, “রক্ষা বন্ধন”- প্রতিটি সিনেমায় দর্শক-সমালোচক দুই মহলেই সমালোচিত হয়ে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
অক্ষয়ের জন্য ২০২৩ সালটাও ব্যর্থতা দিয়েই শুরু হলো। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভারত ও বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তার অভিনীত “সেলফি”। কিন্তু মুক্তির দুই দিনে সিনেমাটি আশানুরূপ সাফল্য পায়নি। ফলে অক্ষয়ের টানা ব্যর্থতার ধারা অব্যাহত রয়েছে।
বক্স অফিসে নিজের অভিনীত সিনেমাগুলোর টানা ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিয়েছেন অক্ষয় কুমার। এমনকি এ অভিজ্ঞতা তার জন্য একদম নতুন নয় বলেও উল্লেখ করেছেন খিলাড়ি কুমার। বলিউডের এ অভিনেতার ভাষ্যমতে, এটাই সময় অপেক্ষা করার, ভাবার এবং অবশ্যই নিজেকে পরিবর্তন করার। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
মুক্তির প্রথম দিনে সিনেমাটি টেনেটুনে আড়াই কোটি রুপির সামান্য বেশি আয় করেছে “সেলফি”। দ্বিতীয় দিনে সিনেমাটির আয় কিঞ্চিৎ বাড়লেও তা আড়াই থেকে তিন কোটির রুপির বেশি না। “সেলফি” সিনেমাটির বাজেট ৮০ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা সিনেমাটি বড়জোর ২০-২৫ কোটি রুপি আয় করতে পারে। ফলে ছবিটি নিশ্চিতভাবেই ফ্লপের কাতারে নাম লেখাচ্ছে।
কোভিড মহামারির পূর্ববর্তী সময়ে বলিউডের শীর্ষ তারকাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন অক্ষয় কুমার। ২০১৯ সালে “কেসারি”, “মিশন মঙ্গল”, “হাউজফুল ৪”, “গুড নিউজ”- এর মাধ্যমে এক পঞ্জিকাবর্ষে বক্স অফিসে চার সিনেমার দুর্দান্ত ব্যবসায়িক সাফল্য পাওয়ার বিরল রেকর্ড গড়েন।
কিন্তু এরপরই অক্ষয়ের ক্যারিয়ারে ছন্দপতন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত “সূর্যবংশী” বক্স অফিসে সফল হলেও অক্ষয়ের পরবর্তী সবগুলো সিনেমাই ব্যবসায়িকভাবে অসফল। বক্স অফিসে নিজের অভিনীত লাগাতার ৫টি সিনেমার ব্যর্থতার পর অক্ষয় বলেন, “এটা আমার সঙ্গে প্রথমবার হচ্ছে না। আমার ক্যারিয়ারের একটা সময় এক টানা ১৬টা ছবি ফ্লপ করেছিল। এরপর এমন একটা সময় গিয়েছে যখন আমার পর পর ৮টা ছবি বক্স অফিসে চলেনি। এখন আবার টানা ৩-৪টা ছবি বক্স অফিসে চলল না। এটা সম্পূর্ণ আমার ভুলের জন্যই হচ্ছে। দর্শক বদলে গিয়েছে। ফলে সেই অনুযায়ী আপনাকে নিজেকে বদলাতে হবে। নতুন করে শুরু করতে হবে, কারণ দর্শকরা নতুন কিছু দেখতে চাইছে।”
ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়ে এ বলিউড অভিনেতা বলেন, “এটা একটা বড় অ্যালার্ম। যদি আপনার ছবি না চলে, তাহলে সেটা আপনার ভুল। যখন লাগাতার আপনার ছবি ফ্লপ করতে থাকে, তখন তার অর্থ হলো আপনার নিজেকে বদলাতে হবে। আমি চেষ্টা করছি। আমি তো এখন এটাই করতে পারি।”
নিজে সিনেমার ব্যর্থতার দায় দর্শকদের ওপর চাপাতে নারাজ অক্ষয় বলেন, “দর্শককে দায়ী করবেন না। এটা শতভাগ আমার দোষ। আমি ভুল ছবি বাছাই করেছি, এখানে দর্শকদের কোনো দোষ নেই।”
রাজ মেহতা পরিচালিত “সেলফি” ছবিতে অক্ষয় কুমার ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন ইমরান হাশমি, নুসরাত ভারুচা, ডায়ানা পেন্টি, রাহুল দেব প্রমুখ। সিনেমাটিতে অক্ষয় কুমারকে একজন চলচ্চিত্র তারকা এবং এমরান হাশমিকে তার এক ভক্তের ভুমিকায় দেখা গেছে। সিনেমাটির ট্রেইলারে দেখা যায়, প্রিয় তারকার (অক্ষয়) সঙ্গে এমরানের সেলফি তোলার স্বপ্ন থাকে। কিন্তু পরবর্তী তা দুজনের মধ্যে সংঘাতের জন্ম দেয়।