‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজির পরের দুই কিস্তি মুক্তির দিনক্ষণ জানালেন পরিচালক

গত বছরের সেপ্টেম্বরে বড়পর্দায় মুক্তি পেয়েছিল “ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা” চলচ্চিত্রটি। ৪১০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি বলিউড ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র। আয়ান মুখার্জি পরিচালিত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ঘরানার এ সিনেমাটি ছিল ২০২২ সালে সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমা।

“ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান:শিবা” নির্মাণের কাজে প্রায় পাঁচ বছর সময় দিয়েছেন আয়ান মুখার্জি। সিনেমাটি পরিচালনার সময়ই তিনি এটিকে ট্রিলজি হিসেবে নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। “ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান:শিবা” সিনেমার সাফল্যে ট্রিলজির পরের দুই কিস্তি নিয়ে দর্শকরা দারুণ আগ্রহী।

অবশেষে ব্রহ্মাস্ত্র ট্রিলজির বাকি দুই কিস্তি আসার দিনক্ষণ জানালেন আয়ান মুখার্জি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ পরিচালক জানান, ২০২৬ সালের ডিসেম্বরে “ব্রহ্মাস্ত্র পার্ট টু:দেব” এবং ২০২৭ সালের ডিসেম্বরে “ব্রহ্মাস্ত্র পার্ট থ্রি:” মুক্তি পাবে বড়পর্দায়।

তরুণ বাঙালি এ পরিচালক বলেন, “সময় এসেছে ব্রহ্মাস্ত্র ট্রিলজি, অস্ত্রোভার্স, আমার জীবন নিয়ে কিছু আপডেট শেয়ার করার। প্রথম কিস্তি থেকে পাওয়া সব ভালোবাসা গ্রহণ করার পর দ্বিতীয় আর তৃতীয় কিস্তির দিকে মন দেওয়ার সময় হয়েছে, যা আগের কিস্তি থেকেও বড় হবে। ব্রহ্মাস্ত্র ২ আর ৩ এর চিত্রনাট্য নিখুঁতের জন্য আমার আরও কিছুটা সময় দরকার। আর আমরা ঠিক করেছি এই দুটো সিনেমা একসঙ্গে নির্মাণ করব, যেন দুটোই পরপর মুক্তি পেতে পারে।”

আয়ান মুখার্জি আরও বলেন, “আমার কাছে শেয়ার করার মতো আরও একটি খবর রয়েছে। ইউনিভার্স সম্প্রতি আমার কাছে একটি বিশেষ সুযোগ এনে দিয়েছে। একটি খুব বিশেষ সিনেমা… যাতে পা রাখা ও পরিচালনা করার সুযোগ আমার কাছে এসেছে। এমন একটি চ্যালেঞ্জ, যা নিয়ে আমি খুবই উদগ্রীব। যেখান থেকে আমি শিখব… অনুপ্রাণিত হব… উন্নত হব। তাই আমি এ সুযোগ লুফে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

আয়ান মুখার্জি যদিও নিজের পোস্টে কোনো সিনেমার নাম উল্লেখ করেননি। তবে বলিউডের চলচ্চিত্র সমালোচক এবং বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানান, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের “ওয়ার ২” সিনেমা নির্মাণ করবেন আয়ান মুখার্জি। আগামী দীপাবলিতে মুক্তির অপেক্ষায় থাকা “টাইগার ৩”র ঘটনা টেনে নিয়ে যাবে সিনেমাটি।