অনন্ত: আমি ১৪ বছর আগে যে স্টাইলে কথা বলেছি, মানুষ এখন সেটা বলছে

বিভিন্ন কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই আলোচিত নাম অনন্ত জলিল। নানাভাবেই ট্রল করা হয় এই নায়ক ও প্রযোজককে নিয়ে। তাকে যেসব বিষেয় নিয়ে ট্রল করা হয়, তার মধ্যে অন্যতম ইংরেজির “ভুল” উচ্চারণ।

সম্প্রতি ঈদ উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি'র একটি টক শোতে উপস্থিত হন অনন্ত জলিল। সেখানে উপস্থাপক তাকে প্রশ্ন করেন, “ইংরেজি বলা নিয়ে মানুষ নানাভাবেই ট্রল করে আপনাকে। বিষয়টি কেন?”

এই প্রশ্নের উত্তরে অনন্ত জলিল বলেন, “এখন বোধহয় এই বিষয়টি নেই। এটা প্রথম দিকে ছিল। কারণ, ধরেন আমি ১৯৯৬ সাল থেকে ২০০০ পর্যন্ত ম্যানচেস্টারে বিবিএ করেছি। ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করেছি। আমার কোম্পানি তো সেই ১৯৯৬ থেকেই ইংল্যান্ডের সঙ্গে ব্যবসা করে। তখন আমার যে কথা বলার স্টাইল ছিল তা এখনকার যুগে এসে মিলে গেছে।”

উদাহরণ হিসেবে তিনি বলেন, “আগে আমি যখন বলতাম ‘হোয়াটস আপ গাইস,, তখন মানুষ বুঝতো না। এখন মানুষ এ ধরনের শব্দ সচারচর ব্যবহার করেন। মানে বোঝাতে চাচ্ছি তখন যেভাবে ইংরেজি বলতাম ঠিকভাবে কেউ বুঝতো না। এমনকি আমার বন্ধু-বান্ধবরাও খোঁচা মেরে বলত, আরে ইংল্যান্ডে গিয়ে কি সব ইংরেজি বলা শুরু করছিস। কিন্তু এখন সবাই বুঝতে পারছে যে অনন্ত জলিল যেটা ১২ বছর বা ১৪ বছর আগে বলেছে, সেটা মানুষ এখন বলছে।”

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে অনন্ত জলিল অভিনীত সিনেমা “কিল হিম”। নিজস্ব প্রযোজনার বাইরে এটিই তার প্রথম ছবি। তবে, এখানেও বরাবরেই মতোই তার সঙ্গে রয়েছেন বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন মো. ইকবাল।