মেট গালাকে ধরা হয় ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় আয়োজন এবং মিলনমেলা হিসেবে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার (১ মে) রাতে বসেছিল ২০২৩ সালের মেট গালার আসর। বর্ণাঢ্য এ আয়োজনে পা রেখেছিলেন বলিউড তারকারা, যার মধ্যে ছিলেন আলিয়া ভাটও।
মেট গালায় এ বছরই প্রথমবারের মতো অংশ নেন আলিয়া। বিশ্বের অনেক নামি-দামি তারকার উপস্থিতিতেও লাল গালিচায় মুক্তোখচিত সাদা গাউনে রূপকথার রাজকন্যার বেশে স্নিগ্ধতা ছড়িয়ে মেটগালার অভিষেকটা স্মরণীয়ই করে রেখেছেন এ বলিউড অভিনেত্রী।
মেট গালার আসরের পর আলিয়া ভাটের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ আলোচনা চলছে। আর আলোচনা হবে নাই বা কেন? নেপালি-মার্কিন ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইন করা স্লিভলেস সাদা গাউন পরেছিলেন আলিয়া। সঙ্গে ছিল হালকা অলঙ্কার। পুরো পোশাকটিকে স্বয়ংসম্পূর্ণ করেছে হাতে থাকা মানানসই সাদা গ্লাভস। তবে আলিয়ার পোশাকটিকে সবচেয়ে ঔজ্জ্বল্য দিয়েছে এক লাখ মুক্তা।
২০২৩ সালের মেট গালার আসরের লালগালিচায় তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে আলিয়া ভাট লিখেছেন, “আমাকে সব সময় ঐতিহাসিক শ্যানেল ব্র্যান্ড মুগ্ধ করে এসেছে। আজকের রাতে আমার এই সাজ তার দ্বারাই অনুপ্রাণিত, বিশেষ করে ১৯৯২ সালে সুপার মডেল ক্লদিয়া শিফারের শ্যানেল ব্রাইডাল লুক আমাকে অনুপ্রাণিত করেছে।”
এ বলিউড অভিনেত্রী বলেন, “আমি এমন কিছু করতে চেয়েছিলাম, যার মধ্যে সততা লুকিয়ে আছে। আর আমি গর্বের সঙ্গে বলছি যে আমার এ পোশাক ভারতে তৈরি। এর সঙ্গে প্রবাল গুরুংয়ের ভালোবাসা মিশে আছে। এক লাখ মুক্তা দিয়ে তিনি পোশাকটি এমব্রয়ডারি করেছেন। আমার প্রথম মেট গালায় আপনার (প্রবাল গুরুং) ডিজাইন করা পোশাক পরতে পেরে আমি গর্বিত।”
আলিয়া আরও বলেন, “মেয়েরা চাইলেই অনেক অনেক মুক্তো দিয়ে নিজেকে সাজাতে পারে না। আর সজ্জাকে পূর্ণতা দেয় কিছু অলঙ্কার। আমার ক্ষেত্রে যা চুলে শোভা পাওয়া মুক্তোগুলো।”
বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম আলিয়া। ২০১২ সালে “স্টুডেন্ট অব দ্য ইয়ার” দিয়ে অভিনয়ে পা রাখেন প্রযোজক মহেশ ভাটের কন্যা। তারপর আর ফিরে তাকাতে হয়নি আলিয়াকে। গত কয়েক বছরে “হাইওয়ে”, “রাজি”, “ডার্লিংস”, “কাপূর অ্যান্ড সন্স”-সহ বেশ কয়েকটি সফল ছবি ও সিরিজ উপহার দিয়েছেন তিনি।
২০২২ সালটা আলিয়া ভাটের জন্য স্মরণীয় এক বছর ছিল। আলিয়ার অভিনীত “গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি” এবং “ব্রহ্মাস্ত্র” সিনেমা দুটি যেমন ব্যবসায়িক সাফল্য পেয়েছে, তেমনি তার অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়েছে।
সামনে “রকি অউর রানি কি প্রেম কাহিনি” ও “জি লে জারা” চলচ্চিত্রে আলিয়াকে দেখা যাবে। এছাড়া, নেটফ্লিক্সের “হার্ট অব স্টোন” সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক হবে আলিয়ার। স্পাই থ্রিলার ঘরানার সিনেমায় আলিয়ার সঙ্গে দেখা যাবে হলিউড তারকা গ্যাল গ্যাডোটকেও।